ফেনীতে ইসলামী ব্যাংকের ফরেন রেমিট্যান্স গ্রাহক সমাবেশ
Printed Edition
‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’- এ স্লোগানকে সামনে রেখে ফেনীতে ইসলামী ব্যাংকের ফরেন রেমিট্যান্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ইসলামী ব্যাংক ফেনী শাখার আয়োজনে শাখা কার্যালয়ে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক শহীদুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ব্যাংকের এফএভিপি মতিউর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন ম্যানেজার (অপারেশন) জাহিদুল ইসলাম। গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ শাহজাহান ও হাজী মোহাম্মদ লিয়াকত। সভাপতির বক্তব্যে শহীদুল আলম বলেন, গত দেড় মাস ইসলামী ব্যাংক নিয়ে গুজব ছড়ানো হয়েছে। গুজবের কারণে আমাদের মা-বোনরা টাকা তুলতে আসছেন। আমরা ফেনী শাখায় কাউকে ফেরত দেয়নি; বরং গুজবে নিজেরা, সমাজ ও রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসলামী ব্যাংক সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। আপনারা আস্থা রাখুন। আপনার স্বামী, ছেলেমেয়ে প্রবাসে যারাই আছে তাদের টাকা আগের মতো পাঠাতে বলেন। আমাদের উচিত গুজবে আতঙ্কিত না হওয়া। গুজবে আতঙ্কিত হলে আমরা শুধু ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে না; বরং রাষ্ট্রও ক্ষতিগ্রস্ত হবে। জাহিদুল ইসলাম বলেন, ব্যাংকের ফান্ড সরকারের ইন্সুরেন্স করা থাকে। ব্যাংকের টাকা কারো মেরে খাওয়ার সুযোগ নেই। ব্যাংক থেকে ঋণ নিলে তার পরবর্তী প্রজন্ম হলেও শোধ করতে হবে। আমাদের দেশে ৫৯টা ব্যাংক রয়েছে, এর মধ্যে যে রেমিট্যান্স আসে, তার অর্ধেকেরও বেশি আমরা নিয়ে আসি। এটার কারণ হলো আমাদের সেবা, আপনাদের আস্থা। সুতরাং ইসলামী ব্যাংকের কিছু হবে এটা মনে করার কোনো কারণ নেই।ফেনী অফিস।