নির্বাচনী নিরাপত্তায় গাজীপুরে নেমেছে যৌথবাহিনী

Printed Edition
bangla-3
গাজীপুরের মহাসড়কে যৌথবাহিনীর টহল : নয়া দিগন্ত

গাজীপুর সংবাদদাতা

নির্বাচনকে সামনে রেখে সারা দেশের মতো গাজীপুরেও গত শনিবার (১০ জানুয়ারি) থেকে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ নিয়ে গঠিত যৌথবাহিনী। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তারা মাঠে থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা গেছে, মূল তিনটি লক্ষ্য নিয়ে যৌথবাহিনীর অভিযান শুরু হয়েছে। এর মধ্যে একটি হলো- অবৈধ অস্ত্র উদ্ধার। চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার ও আইনের আওতায় আনা। নির্বাচনকেন্দ্রিক দল ও প্রার্থীর যে আচরণবিধি আছে, সেগুলোর বড় কোনো ব্যত্যয় ঘটলে তা যৌথবাহিনীর পর্যবেক্ষণে রাখা।

ইতোমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুর সদর, জয়দেবপুর, কালীগঞ্জ, কাপাসিয়া ও শ্রীপুর উপজেলায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। একই সাথে গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা ও স্পর্শকাতর স্থানে নিয়মিত টহল ও নজরদারি চালাতে দেখা গেছে সেনাসদস্যদের। পরিস্থিতি বিবেচনায় মাঠে রয়েছে পৃথক আভিযানিক দল, যারা দ্রুত প্রতিক্রিয়া ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রস্তুত রয়েছে।

গাজীপুরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সক্রিয়ভাবে কাজ করছে সেনাবাহিনীসহ যৌথবাহিনী। আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে নির্বাচনী পরিবেশ নিরাপদ ও স্থিতিশীল রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। এদিকে সেনাবাহিনীর উপস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আস্থা ফিরে এসেছে বলে লক্ষ্য করা গেছে।