রংপুরে ১০তলা থেকে পড়ে তরুণীর মৃত্যু : মেডিক্যাল শিক্ষার্থী গ্রেফতার

Printed Edition

রংপুর ব্যুরো

রংপুরে ১০তলা ভবনের ছাদ থেকে পড়ে একজন এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় একজন মেডিক্যাল শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে শিক্ষার্থীর সাথে প্রেম এবং মানসিক নির্যাতনের মাধ্যমে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।

গতকাল দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ

মহানগর গোয়েন্দা কার্যালয়ে এক ব্রিফিংয়ে উপপুলিশ কমিশনার ডিবি সনাতন চক্রবর্তী জানান, ‘মঙ্গলবার দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ ক্যাম্পাস থেকে ওই শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়। তার নাম শাহরিয়ার শাকীন। তিনি রংপুর মেডিক্যাল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি নগরীর ধাপ চিকলি ভাটা এলাকার ফোরকান মিয়ার ছেলে। তিনি দাবি করেন, মেয়েটির সাথে শাহরিয়ারের প্রেমের সম্পর্ক ছিল এবং তাকে মানসিক নির্যাতন করত। মোবাইলে কথাবার্তা হতো। আত্মহত্যার আগে রিসেট দেয়ায় ওই তরুণীর মোবাইলে কোনো অ্যাপস পাওয়া যায়নি।

তবে গ্রেফতার শাহরিয়ার কোতোয়ালি থানায় জানিয়েছেন, ‘ওই শিক্ষার্থী আমার স্টুডেন্ট ছিল। ওরা চারজন একসাথে আমার কাছে ব্যাচে পড়তো। পড়ানোর সময় আমি যখন টের পাই মেয়েটি আমাকে পছন্দ করে, তখন আমি ওই ব্যাচটি পড়ানো বন্ধ করে দেই। পরে ওর মায়ের অনেক রিকোয়েস্টে আর একটা ব্যাচের সাথে পড়িয়েছিলাম। কিন্তু তখন সে হোয়াটসঅ্যাপে আমাকে পছন্দের কথা জানালে আমি তিন মাস আগে পড়ানোটা বন্ধ করে দেই এবং তার সাথে সব যোগাযোগও বন্ধ করি। তবে ওই শিক্ষার্থী মারা যাওয়ায় আমি বিষয়গুলো জানানোর জন্য আজ দুপুর ১২টার দিকে ডিবি অফিসে যাই। তখন ডিবির উপপুলিশ কমিশনার আমাকে আটক করে ওর অভিভাবকদের দিয়ে মামলা করায়। ওই মেয়ের আত্মহত্যার ঘটনায় কোনোভাবেই আমি যুক্ত নই। যদি যুক্ত থাকতাম তাহলে কি নিজেই ডিবি অফিসে যাই?’

জানা যায়, সোমবার বিকেল পৌনে ৬টায় নগরীর নর্থ ভিউ হোটেলের রেস্টুরেন্টের রূফটপের রেলিং থেকে পড়ে মারা যান রংপুর ক্যান্ট. পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী নুজসাত জাহান। তার বাবা নজরুল ইসলাম একজন সাবেক সেনাসদস্য। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেছেন তিনি। এ ঘটনার পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায় এক তরুণী বিকেল ৪টা ৫৪ মিনিটে হোটেলটির ছাদে রুফটপ রেস্টুরেন্টে যায়। সেখানে ঘণ্টাব্যাপী মোবাইল অপারেট করতে দেখা যায় তাকে। বিকেল ৫টা ৪২ মিনিটে ছাদের র‌্যালিংয়ে উঠে এবং সেখান থেকে নিচে পড়ে তার মৃত্যু হয়।