সিউলে বস্তিতে আগুন নেভাতে লড়ছে কয়েক শ’ দমকলকর্মী

Printed Edition

রয়টার্স

দক্ষিণ সিউলের অভিজাত গ্যাংনাম জেলার এক বস্তিতে লাগা বড়সড় আগুন নেভাতে প্রায় তিন শ’ দমকলকর্মী প্রাণপণ লড়ছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে গুরিয়ং বস্তির ৪৭ বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে বলে সিউল মেট্রোপলিটন দমকল ও দুর্যোগ সদর দফতরের এক কর্মকর্তা টেলিফোনে রয়টার্সকে জানিয়েছেন।

সুবিধাবঞ্চিতদের ওই এলাকায় ১১০ জনের মতো লোক আছেন বলে দমকল কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে ইয়োনহাপ। গতকাল শুক্রবার স্থানীয় সময় ভোর ৫টা ১০ মিনিটের দিকে বস্তিটিতে আগুন লাগে। আগুন কাছাকাছি পাহাড়েও ছড়িয়ে পড়তে পারে শঙ্কায় কর্তৃপক্ষ পরে অগ্নি-সতর্কতা দ্বিতীয়-সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করে।

ঘটনাস্থলের ছবিতে এলাকাটির ওপর কালো ধোঁয়ার স্তর এবং মুখে মাস্ক পরা বয়স্ক বাসিন্দাদের সরিয়ে নিতে দেখা যাচ্ছে।

‘ঘুমিয়ে ছিলাম, এক প্রতিবেশী আগুনের কথা বলায় আমি দৌড়ে বেরিয়ে আসি এবং দেখি আগুন ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে,’ বলেছেন ৬৯ বছর বয়সী কিম ওক-ইম, থযিনি ওই এলাকায় প্রায় ৩০ বছর ধরে বাস করছেন। ‘কয়েক বছর আগে বন্যা সব ভাসিয়ে নিয়েছিল, বাকিটুকু আগুনে যাবে বলে মনে হচ্ছে,’ ঘর ধ্বংস হলে কোথায় থাকবেন সে চিন্তাতেই অধীর এ নারী।