হালদা নদী থেকে ১৭০০ মিটার চরগেরা জাল ও বরশি জব্দ
Printed Edition
ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
এশিয়ার সর্ববৃহৎ এবং বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক কার্প জাতীয় মাছের প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অবৈধ মৎস্য আহরণ রোধে আবারো অভিযান চালিয়েছে মৎস্য অধিদফতর। গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মৎস্য অধিদফতরের উদ্যোগে হালদা নদীর বিভিন্ন অংশে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন হালদা প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত পাহারাদার হোসাইন, শহিদুল, মোতালেব, সেকান্দার ও আবুল হাশেম।
সকাল সাড়ে ৯টা থেকে টানা অভিযান পরিচালনা করা হয় গড়দোয়ারা স্লুইসগেট থেকে ফটিকছড়ির নাজিরহাট ব্রিজ পর্যন্ত। অভিযানে নদীতে অবৈধভাবে পেতে রাখা দু’টি চরগেরা জাল জব্দ করা হয়, যার মোট দৈর্ঘ্য প্রায় এক হাজার ৭০০ মিটার। পাশাপাশি মাছ ধরার কাজে ব্যবহৃত ১৮টি বড়শিও উদ্ধার করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা বলে জানিয়েছে মৎস্য অধিদফতর।
মৎস্য কর্মকর্তারা জানান, হালদা নদী দেশের মৎস্য সম্পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র। প্রতিবছর বর্ষা মৌসুমে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন কার্পজাতীয় মাছ এ নদীতে ডিম ছাড়ে। কিন্তু অবৈধ জাল, চরগেরা জাল ও বড়শির ব্যবহার মাছের এই প্রজনন প্রক্রিয়াকে মারাত্মকভাবে ব্যাহত করছে।
মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী হালদা নদীতে নির্দিষ্ট সময় ও এলাকায় এ ধরনের জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। নদীর প্রাকৃতিক ভারসাম্য ও মাছের প্রজনন রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।