উন্নয়ন প্রকল্প পরিদর্শন সিসিক প্রশাসকের কাজের মান শতভাগ নিশ্চিতের নির্দেশ
Printed Edition
সিলেট ব্যুরো
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন।
গতকাল বিকেলে তিনি নগরের ৭, ৩৭, ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও ড্রেন নির্মাণকাজ সরেজমিন পরিদর্শন করেন।
এ সময় তিনি জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কাজের গুণগত মান শতভাগ বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। সেই সাথে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি প্রকল্প এলাকায় কাজের প্রাক্কলিত ব্যয়, ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নাম ও মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দৃশ্যমানভাবে প্রদর্শনের নির্দেশনা দেন।
নগরবাসীর ভোগান্তি কমাতে দ্রুত কাজ সম্পন্নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সিটি করপোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। জনগণের ভোগান্তি লাঘব করাই আমাদের প্রধান দায়িত্ব। কাজের দীর্ঘসূত্রতা বা অব্যবস্থাপনার কারণে কোনো নাগরিক যেন কষ্টে না পড়েন, সে বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখতে হবে।
এ সময় সিসিকের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো: আলী আকবর, নির্বাহী প্রকৌশলী রজি উদ্দিন খান, সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য ও মো: হাসিবুর রহমান, জনসংযোগ কর্মকর্তা (অ.দা.) নেহার রঞ্জন পুরকায়স্থ, মো: মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।