ওসমান হাদি হত্যার বিচারে সরকার অত্যন্ত সিরিয়াস : নৌপরিবহন উপদেষ্টা

Printed Edition
back-2
নলছিটিতে ওসমান হাদির নামে লঞ্চঘাট নামকরণ উদ্বোধন শেষে বক্তব্য রাখেন নৌপরিবহন উপদেষ্টা : নয়া দিগন্ত

ঝালকাঠি প্রতিনিধি

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ওসমান হাদি হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। ইতোমধ্যে বেশ কয়েকজন ধরা পড়েছে। অনেক সাক্ষ্য প্রমাণ সামনে আসছে। সরকার এ বিষয়ে অত্যন্ত সিরিয়াস। যদি পার্শ্ববর্তী দেশে পালিয়ে থাকে সেখান থেকেও ফিরিয়ে আনা সম্ভব। আমরা সবাই চাই শুধু ওসমান হাদির হত্যাকারীর বিচার না; এর পিছনে যারা জড়িত সেটা যাতে বের হয়ে আসে। সে যেই হোক না কেনো।

তিনি গতকাল বিকেল চারটার দিকে ঝালকাঠির নলছিটিতে শহীদ শরিফ ওসমান হাদির নামে লঞ্চঘাট নামকরণ উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন,আগামী বাংলাদেশে আর যাতে কোনো ফ্যাসিস্ট সরকারের আবির্ভাব না ঘটে সে জন্য যারা সরকারে আসবে তারা শিক্ষাগ্রহণ করবে। তারা জনগণের জন্য কাজ করবে এবং সততার সাথে কাজ করবে এটা আমরা আশা করি। তা যদি না হয় তা হলে যারা শহীদ হয়েছেন তাদের আত্মা আমাদের কখনো মাফ করবে না।

নৌপরিবহন উপদেষ্টা আরো বলেন, এই লঞ্চঘাট যাতে শহীদ ওসমান হাদির নামে স্থায়ীভাবে থাকে। কারণ, ওসমান হাদি এই অঞ্চলের সন্তান। এই লঞ্চঘাটটি হলো একটি বড় স্থাপনা। এখানে প্রতিদিন শত শত মানুষ আসা যাওয়া করে। ওসমান হাদি শুধু বাংলাদেশের সন্তান হিসেবে নয়, এখন বিশ্বের বিভিন্ন দেশে ওসমান হাদিকে চিনে।

এ সময় ঝালকাঠির জেলা প্রশাসক মো: মমিন উদ্দিন, পুলিশ সুপার মিজানুর রহমান, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হাবিব, ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদি, ভগ্নিপতি আমির হোসেন হাওলাদার উপস্থিত ছিলেন।