কালাইয়ে স্বামীর হাতে স্ত্রী খুন
Printed Edition
কালাই (জয়পুরহাট) সংবাদদাতা
জয়পুরহাটের কালাই উপজেলায় পরকীয়ার সন্দেহ ও দীর্ঘ দিনের পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। গত শনিবার গভীর রাতে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের এলতা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম খালেদা বিবি (৩৫)। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।
নিহত খালেদা বিবি ওই গ্রামের আবদুল খালেকের মেয়ে এবং একই এলাকার আব্দুল বাকি ওরফে সাইদুরের (৫৫) দ্বিতীয় স্ত্রী। প্রায় দুই যুগ আগে কালাই উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা আব্দুল বাকির সাথে খালেদার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিনি স্ত্রীর বাড়িতেই থাকতেন। তাদের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৩টার দিকে সাহরির সময় বাড়িতে থাকা দুই কাজের লোক আব্দুল বাকিকে ডাকতে গেলে তিনি দ্রুত দরজা খুলে বেরিয়ে যান। তার সন্দেহজনক আচরণ দেখে তারা ঘরে প্রবেশ করে খালেদাকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় অচেতন দেখতে পান। পরে জানাজানি হয় তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার ও ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এলাকাবাসীর ভাষ্য, স্বামী আব্দুল বাকির সাথে খালেদার দীর্ঘ দিন ধরে পারিবারিক কলহ ছিল। পরকীয়া সন্দেহে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো।
কালাই থানার তদন্ত কর্মকর্তা দীপেন্দ্রনাথ সিংহ জানান, প্রাথমিক তদন্তে এটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত হওয়া গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত পলাতক স্বামীকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।