বেলারুশে বন্দীদের মুক্তির পর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল
Printed Edition
রয়টার্স
বেলারুশ সরকার রাজনৈতিক বন্দীদের মুক্তি দিয়েছে, আর এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র দেশটির ওপর আরোপিত কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করেছে। শনিবার মিনস্কে সরকারি ঘোষণায় জানানো হয়, অন্তত কয়েক ডজন বন্দীকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে। এদের মধ্যে বিরোধী নেতা ও মানবাধিকার কর্মীও রয়েছেন।
বেলারুশ দীর্ঘ দিন ধরে পশ্চিমা দেশগুলোর সমালোচনার মুখে ছিল রাজনৈতিক স্বাধীনতা সঙ্কুচিত করা ও বিরোধীদের দমন করার কারণে। বিশেষ করে ২০২০ সালের নির্বাচনের পর থেকে হাজারো মানুষকে আটক করা হয়। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের জবাবে দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে।
মার্কিন প্রশাসন জানিয়েছে, বন্দী মুক্তির পদক্ষেপকে ইতিবাচক সঙ্কেত হিসেবে দেখা হচ্ছে। এর ফলে কিছু আর্থিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। তবে ওয়াশিংটন স্পষ্ট করেছে, মানবাধিকার পরিস্থিতি উন্নত না হলে ভবিষ্যতে আবারো কঠোর ব্যবস্থা নেয়া হবে।
ইউরোপীয় ইউনিয়নও এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তারা বলছে, বন্দী মুক্তি বেলারুশের রাজনৈতিক সংস্কারের পথে একটি গুরুত্বপূর্ণ সূচনা। তবে একই সাথে তারা জোর দিয়েছে, সব রাজনৈতিক বন্দীকে মুক্তি দিতে হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধার করতে হবে।