নড়াইলে বিষ দিয়ে ১০০ মণ মাছ নিধন

Printed Edition

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদরের পাতিয়ার বিলের খালসহ উন্মুক্ত জলাশয়ে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ দেশী মাছ নিধনের অভিযোগে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। গত বৃহস্পতিবার বিকেলে নয়নপুর বটতলায় দুর্গাপুর, ডুমুরতলা, নয়নপুর, চাঁদপুর, বিষ্ণুপুর ও বাহিরডাঙ্গা গ্রামের ভুক্তভোগীরা এসব কর্মসূচি পালন করেন।

স্থানীয়দের দাবি, গত ৫ ডিসেম্বর পাতিয়ার বিলের খালে বিষ প্রয়োগের পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত পুঁটি, সরপুঁটি, শোল, কৈ, টেংরা, মাগুর, টাকি, রয়না, এমন বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠছে। অন্তত ১০টি গ্রামের প্রায় ১০০ মণ দেশি মাছ নষ্ট হয়েছে বলে তারা দাবি করেন। মরা মাছের দুর্গন্ধে পরিবেশও দূষিত হয়ে পড়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন নড়াইল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান আলী খান, ওয়ার্ড বিএনপির সভাপতি জহুরুল ইসলাম, যুবদল নেতা আজিজুর রহমান, সাবেক স্থানীয় মেম্বার মুকুল বিশ্বাসসহ অনেকে। বক্তারা অভিযোগ করেন, আজিজুর রহমান নামে এক ব্যক্তি প্রভাব খাটিয়ে ১৭ বছর ধরে খালে একাধিক বাঁধ (পাটা) তৈরি করে একচ্ছত্র মাছ ধরতেন। এলাকাবাসী প্রতিবাদ করায় তিনি নিজের স্বার্থে খালে বিষ ছড়িয়ে সব মাছ মেরে ফেলেছেন।