গ্রুপ কলে আ’লীগ নেতাদের পরিকল্পনা

ঝটিকা মিছিল দিয়ে শুরু লগি-বৈঠা দিয়ে ব্লকেড!

এস এম মিন্টু
Printed Edition
  • ছাত্রদের ঐক্যে পিছিয়ে গেছে নিষিদ্ধ ছাত্রলীগ
  • ছদ্মবেশে সংগঠিত হচ্ছে রিকশা-অটোরিকশা চালক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা
  • রাজপথে নামতে সিনিয়র নেতাদের মানা

চব্বিশের গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করে তুলতে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাকর্মীদের বিভিন্ন উসকানিমূলক বার্তা দিয়ে যাচ্ছেন। ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় দফায় দফায় ঝটিকা মিছিল করছেন আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ঝটিকা মিছিল দিয়ে শুরু করে লগি-বৈঠা নিয়ে রাজধানীতে ব্লকেডের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে ছাত্র-জনতা ও পুলিশের ঐক্যের কারণে ভেস্তে গেছে তাদের সেই ষড়যন্ত্র। প্রতিরোধ গড়ে তুলতে রাজধানীসহ সারা দেশে ছাত্র-জনতা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীরা সোচ্চার হয়ে দাঁড়িয়েছেন। কয়েকদিন ধরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে গ্রুপ চ্যাট ও অডিও বার্তার মাধ্যমে এসব আলোচনা হয়েছে বলে একাধিক নেতাকর্মী জানিয়েছেন।

এ দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঝটিকা মিছিল নিয়ে যারা রাজপথে নামার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

গোয়েন্দাদের একাধিক সূত্র জানিয়েছে, পলাতক আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জেলা-উপজেলা পর্যায়ে টেলিগ্রাম অ্যাপসসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পতিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে। তারা যে ভয়ঙ্কর পরিকল্পনা করছে, তা নস্যাৎ করেছে ছাত্র-জনতা ও এনসিপি নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

গোয়েন্দা সূত্র জানায়, দেশকে অশান্ত করার চক্রান্ত করলেও তারা সফল হতেক পারবে না। গত শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের একটি অডিও রেকর্ড বার্তা দিয়েছে। তিনি অনলাইনে নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়ে বলেন, এখনই রাজপথে না নামতে। আপতত সংগঠিত হয়ে এরপর পরিকল্পনা অনুযায়ী নির্দেশনা মেনে মাঠে নামার ঘোষণা দেন। তার একটি অডিও রেকর্ড এসেছে নয়া দিগন্তের হাতে। এ ছাড়াও গ্রুপে যেসব পরিকল্পনা করা হচ্ছে তার অধিকাংশই দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছে পলাতক দলের নেতাকর্মীরা।

নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল নিয়ে যা জানাল ডিএমপি : রাজধানী ঢাকায় নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের বিষয়ে পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও তাদের সমভাবাপন্ন বিভিন্ন সংগঠন সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে অস্থিতিশীল পরিবেশ তৈরির মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। পুলিশের গতিবিধি অনুসরণ করে তারা কোন নির্দিষ্ট এলাকায় গাড়ি থেকে নেমে দুই-এক মিনিট মিছিল করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে এসব মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে তাদের অস্তিত্ব জানান দেয়। তাদের তাৎক্ষণিক গ্রেফতার করা সম্ভব না হলেও পরে ছবি ও ভিডিও ফুটেজ দেখে অনেককে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। এসব সংগঠনের তৎপরতা রোধে পুলিশ সতর্ক রয়েছে। এ নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানানো হলো।