কারাগারের জন্য ১৩ হাজার ধর্মীয় বই দিলেন ধর্ম উপদেষ্টা

Printed Edition
back-3
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো: জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে কারা অধিদপ্তরের জন্য ১৩ হাজার ধর্মীয় বই উপহার দেন : পিআইডি

নিজস্ব প্রতিবেদক

কারাগারের জন্য ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। গতকাল বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো: জাহাঙ্গীর আলম চৌধুরীর নিকট এই বিপুল সংখ্যক বই হস্তান্তর করেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে কারাবন্দীদের সংশোধন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। এ লক্ষ্যকে সামনে রেখে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন সংস্থা ইসলামিক ফাউন্ডেশন দেশের বিভিন্ন কারাগারে ধর্মীয় ও নৈতিক শিক্ষা চালু রেখেছে। এ শিক্ষাকার্যক্রম পর্যায়ক্রমে দেশের সব কারাগারে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানান উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, কারাগারে ধর্মীয়, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন বইয়ের সহজ প্রাপ্যতা ও পাঠ্যাভাস তৈরির প্রয়াসে প্রাথমিক পর্যায়ে কুরআন, হাদিস, বেদ, ভগবৎগীতা, উপনিষদ, ত্রিপিটক, বাইবেল, ইঞ্জিল শরিফসহ বিভিন্ন ধর্মীয় ও নৈতিক বৈশিষ্ট্যসম্পন্ন বই সরবরাহ করা হলো। পরে এ জাতীয় আরো বই সরবরাহ করা হবে। এ ছাড়া অতি দ্রুত কারাগারে জায়নামাজ, টুপি, তসবিহসহ অন্যান্য উপকরণও সরবরাহ করা হবে।

উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা ও প্রকাশনা সংস্থা এই বইগুলো বিনামূল্যে সরবরাহ করেছে।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো: মোতাহের হোসেন উপস্থিত ছিলেন।