সাতকানিয়া ও বাঁশখালীর ৩ হাজার ৫০০ পরিবারকে সিজেডএমের ত্রাণ বিতরণ
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের জরুরি সহায়তায় সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) ১২ থেকে ২১ জুলাই ২০২৬ পর্যন্ত টানা ১০ দিনব্যাপী ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে। এ সময় সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার দুর্গম বন্যাদুর্গত এলাকায় তিন হ হাজার ৫০০টি পরিবারের মধ্যে জরুরি ত্রাণ ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
বন্যার প্রাথমিক পর্যায়ে প্রতিটি প্রায় আট কেজি ওজনের ত্রাণ প্যাকেজে চিড়া, মুড়ি, খেজুর, চিনি, গুড়, বিস্কুট, খাবার স্যালাইন, বিশুদ্ধ পানিসহ মোট ১২ ধরনের জরুরি খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। পরবর্তীতে বন্যার পানি কমতে শুরু করলে দুর্গত মানুষের পরিবর্তিত চাহিদা বিবেচনায় ১২.৫ কেজি ওজনের খাদ্য প্যাকেজ বিতরণ করা হয়। এসব প্যাকেজে চাল, ডাল, আলু, পেঁয়াজ, ভোজ্যতেল ও লবণের মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী অন্তর্ভুক্ত ছিল।
এই ত্রাণ ও খাদ্য সহায়তা বন্যাদুর্গত পরিবারগুলোর তাৎক্ষণিক খাদ্যসঙ্কট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর মাধ্যমে বন্যা মোকাবেলায় সিজেডএমের জরুরি মানবিক সহায়তা কার্যক্রমের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে।
জরুরি খাদ্য সহায়তার পাশাপাশি সিজেডএম বাঁশখালী উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষয়ক্ষতি ও প্রয়োজনীয়তা মূল্যায়নও সম্পন্ন করেছে। প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ঘরবাড়ি মেরামত, জীবিকা পুনর্বাসন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিশুদ্ধ পানি, স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন সহায়তা অত্যন্ত জরুরি। এ মূল্যায়নের ফলাফল এবং প্রয়োজনীয় তহবিল সংগ্রহের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও জীবিকা পুনরুদ্ধার কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে, ইনশাআল্লাহ।
ত্রাণ কার্যক্রম চলাকালে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের কাছ থেকে সিজেডএমের স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের ব্যাপক প্রশংসা অর্জিত হয়েছে। একজন স্থানীয় জনপ্রতিনিধি বলেন, ‘তাদের মতো স্বচ্ছতা খুব কম দেখেছি। তাদের আন্তরিকতা অসাধারণ।’ অপরদিকে দুর্গম পাহাড়ি এলাকার আরেকজন জনপ্রতিনিধি বলেন, ‘আমার এই এলাকায় আপনারাই প্রথম এসেছেন। সবাই শহরের আশপাশে ত্রাণ দেয়, কিন্তু আমাদের এখানে কেউ আসে না।’ এসব মন্তব্য সিজেডএমের মানবিক উদ্যোগের প্রতি মানুষের আস্থা ও গ্রহণযোগ্যতারই প্রতিফলন।
ত্রাণ বিতরণ কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করতে সিজেডএম সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনের সাথে নিবিড় সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ত্রাণ বিতরণ কার্যক্রমকে সুষ্ঠু, স্বচ্ছ ও শৃঙ্খলাপূর্ণ হিসেবে প্রত্যয়ন করেছে।
সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এই মানবিক কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সহযোগিতা প্রদানকারী সম্মানিত দাতা, স্বেচ্ছাসেবক, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং সকল শুভানুধ্যায়ীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। একই সাথে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দীর্ঘমেয়াদি পুনর্বাসন ও জীবিকা পুনরুদ্ধারে দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছে।