পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বিজ্ঞান-পর্বসংখ্যা-৮৯
অধ্যায় বারো : জলবায়ু পরিবর্তন
Printed Edition
নূরুন নাহার লাকী
সহকারী শিক্ষক, বাহরাম খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘অধ্যায় বারো : জলবায়ু পরিবর্তন’ থেকে আরো ৫টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ও ২টি বর্ণনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
প্রশ্ন : বিকল্প জ্বালানির উৎস হিসেবে কী কী শক্তি ব্যবহার করা যায়?
উত্তর : বায়ুশক্তি ও সৌরশক্তি।
প্রশ্ন : সৌর প্যানেল কী?
উত্তর : যে প্যানেল বা কোষে সৌরশক্তি বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত হয় তাকে সৌর প্যানেল বা সৌর কোষ বলে।
প্রশ্ন : বাংলাদেশে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ হয়। এর চারটি উদাহরণ দাও।
উত্তর : বাংলাদেশে হয় এমন চারটি প্রাকৃতিক দুর্যোগের নাম হলো-
র. ঘূর্ণিঝড়; রর. জলোচ্ছ্বাস; ররর. বন্যা ও রা. নদীভাঙন।
প্রশ্ন : বিভিন্ন কারণে প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয়। এ ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে কোনটি?
উত্তর : প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টির ক্ষেত্রে প্রধান ভূমিকা রাখে জলবায়ু পরিবর্তন।
প্রশ্ন : কী কী বিষয়কে পর্যবেক্ষণ করে আমরা বৈশ্বিক উষ্ণায়ন সম্পর্কে নিশ্চিত হতে পারি?
উত্তর : কয়েক বছরের তাপমাত্রা পরিবর্তন ও হিমালয় পর্বতের হিমবাহ গলনের হার থেকে আমরা বৈশ্বিক উষ্ণায়ন সম্পর্কে নিশ্চিত হতে পারি।
বর্ণনামূলক প্রশ্ন
প্রশ্ন : গ্রিন হাউজের ভেতরের পরিবেশ গরম থাকে কেন? ব্যাখ্যা করো।
উত্তর : শীতপ্রধান দেশে শাকসবজি চাষের জন্য গ্রিন হাউজ তৈরি করা হয়। কাচের ঘর বানিয়ে সেখানে সূর্যের তাপ ধরে রাখা হয়। এ ধরনের ঘরগুলোতে সূর্যের আলো প্রবেশ করে ঘরকে উষ্ণ করে। কিন্তু কাচ তাপ কুপরিবাহী হওয়ায় এই তাপ কাচের দেয়াল ভেদ করে বের হতে পারে না। ফলে গ্রিন হাউজ তাড়াতাড়ি গরম হয় এবং তাপ ভেতরে থেকে যায়। এ জন্য গ্রিন হাউজের ভেতরের পরিবেশ সব সময় গরম থাকে।
প্রশ্ন : পৃথিবীর বায়ুমণ্ডল গ্রিন হাউজের কাচের মতো কাজ করে কেন?
উত্তর : পৃথিবীর চারিদিকে ঘিরে আছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলে রয়েছে কার্বন ডাই-অক্সাইড, মিথেন, জলীয় বাষ্পসহ বিভিন্ন গ্যাস। এই গ্যাসগুলো মিলে একটি স্তর সৃষ্টি করে, যা গ্রিন হাউজে থাকা কাচের দেয়ালের মতো কাজ করে। কারণ, সূর্যের আলো এসব গ্যাসের স্তরকে ভেদ করে পৃথিবীকে উষ্ণ করে। কিন্তু উত্তপ্ত পৃথিবী থেকে তাপ বিকিরিত হয়ে চলে যাওয়ার সময় এ গ্যাসগুলো বাধা দেয়। ফলে পৃথিবী রাতের বেলাতেও গরম থাকে। এভাবেই পৃথিবীর বায়ুমণ্ডল গ্রিন হাউজের কাচের মতো কাজ করে।