ডোমারে ডিলারের গোডাউন ভাঙচুর করে সার লুট
Printed Edition
ডোমার (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর ডোমারে সার সঙ্কটকে কেন্দ্র করে উত্তেজিত জনতা ডিলারের দোকান ও গোডাউন ভেঙে প্রায় ৮০০ বস্তা সার লুট করে নিয়ে গেছে। গত বৃহস্পতিবার গোমনাতি ইউনিয়নে ‘আরবি এন্টারপ্রাইজে’র মালিক রেহেনা পারভিন দুই দিন ধরে সার বিতরণ করছিলেন। সার নিতে কয়েক হাজার কৃষক জড়ো হলেও চাহিদামতো সার না পেয়ে জনতা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে দোকান ভাঙচুর করে গোডাউন থেকে সার বের করে নিয়ে যায়।
খবর পেয়ে ডোমার থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পরে গোমনাতি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউএনও, কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে জরুরি বৈঠক করা হয়। কৃষকদের সার প্রাপ্তি নিশ্চিত করতে নতুন ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন ইউএনও।
কৃষকদের অভিযোগ, ডিলার ছাড়া সার পাওয়া যায় না, আর ডিলারও প্রয়োজন অনুযায়ী সার দিতে পারেন না। অনেক কৃষকের প্রয়োজন মাত্র ২০ কেজি সার, কিন্তু ডিলার তা দিতে অনাগ্রহী। তাই তারা ব্যবসায়ীদের সার বিক্রির অনুমতি দেয়ার দাবি জানান, যাতে খোলাবাজারে যেকোনো সময় সার কেনা যায়।
গরিব কৃষকরা অনেক সময় দোকান থেকে বাকিতে সার নেন এবং ফসল বিক্রি করে মূল্য পরিশোধ করেন। তাদের দাবি, সরকারি সার বিতরণ ব্যবস্থায় বাস্তবসম্মত সংস্কার এনে সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা জরুরি।