বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামানুসারে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর দফতর থেকে এ-সংক্রান্ত একটি চিঠি এসেছে। এর আগে শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করে জেলা প্রশাসককে এ ব্যাপারে নির্দেশনা দেন। জেলা প্রশাসক তৌফিকুর রহমান এ তথ্য জানিয়েছেন।
বগুড়ার জেলা প্রশাসক জানান, শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের বিষয়ে শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারের সই করা চিঠি পেয়েছেন। এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে ফোন করে নবগঠিত তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশনা দেন।
শনিবার বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রীর দফতর থেকে পাওয়া চিঠিতে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করে স্থানীয় জনগণের মতামত নিয়ে এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে আবার গণশুনানি করতে বলা হয়েছে।
চিঠি পাওয়ার পরপরই জেলা প্রশাসন থেকে তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করা হয়েছে। জেলা প্রশাসক আরো বলেন, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে। গত ১১ ও ১৪ জুন জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সই করা প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। এতে শিবগঞ্জ উপজেলায় মীরবাড়ী ইউনিয়ন এবং নবগঠিত মোকামতলা উপজেলায় সীমান্ত ইউনিয়ন, দিগন্ত ইউনিয়ন ও স্বর্ণগ্রাম ইউনিয়ন নামে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। নামগুলো প্রতিমন্ত্রীর পারিবারিক ও তার দুই ছেলের নামের সাথে মিল থাকায় নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।