জামায়াত আমিরের সাথে যুক্তরাজ্য ও জাতিসঙ্ঘ কর্মকর্তার বৈঠক
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানসহ দলটির নেতাদের সাথে গতকাল সিরিজ বৈঠক করেছেন যুক্তরাজ্যসহ বিভিন্ন বিদেশী সংস্থার কর্মকর্তারা। এ সময় বাংলাদেশের বিরাজমান পরিস্থিতি ও দ্বিপক্ষীয় সম্পর্কসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ : সকালে ডা: শফিকুর রহমানের সাথে তার বসুন্ধরার কার্যালয়ে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সৌজন্য বৈঠকে মিলিত হন। এ সময় তার সাথে ছিলেন হাইকমিশনের হেড অব পলিটিক্যাল টিমোথি ডাকেট। জামায়াত জানিয়েছে, অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে তারা বাংলাদেশের বিরাজমান বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন। ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়। এ সময় জামায়াত আমির ডা: শফিকুর রহমানের আসন্ন ইউকে সফরের বিষয়টিও স্থান পায়। ওই সফরে জামায়াত আমিরের সাথে ব্রিটিশ সরকারের এক মন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে।
জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের সাক্ষাৎ : ডা: শফিকুর রহমানের সাথে গতকাল বিদায়ী সাক্ষাৎ করেছেন জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের ঢাকাস্থ কার্যালয়ের প্রধান হুমা খান। বসুন্ধরার কার্যালয়ে আন্তরিকতাপূর্ণ পরিবেশে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় জামায়াত আমির হুমা খানের পরবর্তী চ্যালেঞ্জের জন্য শুভ কামনা ও বাংলাদেশে তাঁর ভূমিকার প্রশংসা করেন। ভবিষ্যতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির আরো উন্নয়ন হবে বলে হুমা খান আশা ব্যক্ত করেন।
আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াত নেতাদের সাথে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিক্যান ইনস্টিটিউটের (আইআরআই) এক প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে আইআরআইয়ের প্রতিনিধি দলে ছিলেন দক্ষিণ এশিয়ার আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর স্টিফেন সিমা, সিনিয়র পরিচালক সোনজা গ্লোকল ও প্রোগ্রাম পরামর্শদাতা অমিতাভ ঘোষ। জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. মোকাররম হোসেন, ড. জুবায়ের আহমেদ এবং ড. শিব্বির আহমাদ। বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে নিয়ে পরিচালিত আইআরআইয়ের সাম্প্রতিক জরিপ নিয়ে আলোচনা করা হয়
নির্বাচনী জনসভায় সন্ত্রাসী হামলায় উদ্বেগ : নরসিংদী-২ (পলাশ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আমজাদ হোসেনের নির্বাচনী জনসভায় সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, ৩ ডিসেম্বর মেহেরপাড়া ইউনিয়নের শেখেরচর বাসস্ট্যান্ডে ইউনিয়ন জামায়াতের শান্তিপূর্ণ জনসভায় বিএনপি নামধারী ৫০/৬০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রে সজ্জিত সভায় উপস্থিত নেতাকর্মীদের ওপর নির্বিচারে হামলা চালিয়ে সভা পণ্ড করে দেয়। এ বর্বরোচিত হামলায় জামায়াতের মনোনীত প্রার্থী জেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেনসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া জামায়াতের তিনজন কর্মী এখনো নিখোঁজ রয়েছেন, যা পরিস্থিতিকে আরো উদ্বেগজনক করে তুলেছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার নামে এ ধরনের সন্ত্রাসী তৎপরতা গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন।
তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাজনৈতিক চর্চায় বিশ্বাস করে। নির্বাচনী মাঠে সন্ত্রাসী হামলা পরিচালনা করে একটি পক্ষ গণতান্ত্রিক পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে-এটি দেশবাসী কোনোভাবেই মেনে নেবে না।
তিনি হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
আহতদের দেখতে হাসপাতালে জুবায়ের : এদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের রাজধানীর একটি হাসপাতালে গতকাল নরসিংদীর ঘটনায় আহতদের দেখতে যান। তার সাথে ছিলেন নরসিংদী জেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সেক্রেটারি আবদুস সাত্তার সুমন এবং মাধবদি উপজেলা জামায়াতের আমির মো: আবদুল আজিজ। এ সময় এহসানুল মাহবুব জুবায়ের আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন। যথাযথ চিকিৎসা প্রদানের জন্য দায়িত্বরত চিকিৎসকদের অনুরোধ জানান।
সমস্যা সমাধানের একমাত্র পথ নেতৃত্বের গুণগত পরিবর্তন- মিয়া গোলাম পরওয়ার : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একটি জাতির মোরালিটি যখন নষ্ট হয়ে যায় তখন সেগুলো জিইয়ে রেখে কাঠামোগত ও মূল পরিবর্তন করা যায় না। তিনি বলেন, সমস্যার সমাধানের একমাত্র পথ রাষ্ট্রের কাঠামোগত এবং নেতৃত্বের গুণগত পরিবর্তন করতে হবে।
বুধবার সন্ধ্যায় যুক্তরাজ্যের লুটনের একটি কমিউনিটি হলে ‘প্রবাসী ভয়েস লুটন’-এর আয়োজনে এক বিশাল সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। প্রবাসী ভয়েস লুটনের সভাপতি শরীফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মাওলানা হাফেজ শাহীদ আহমদ ও আরাফাত মিজানের যৌথ পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউরোপীয় মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা। আরো বক্তৃতা করেন, হকওয়েলরিং মসজিদের ইমাম মাওলানা ফখরুল ইসলাম, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ তোফায়েল আহমেদ, সাবেক ছাত্রনেতা আব্দুল করীম জলিল প্রমুখ।
ঢাকা-৬ সংসদীয় এলাকায় ২ হাজার হেলথ কার্ড বিতরণ : ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. আব্দুল মান্নানের উদ্যোগে নাগরিকের স্বাস্থ্য সেবা সহজলভ্য করণের লক্ষ্যে দুই হাজার নারী-পুরুষের মাঝে হেলথ কার্ড বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল রাজধানীর ধূপখোলা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ড. আব্দুল মান্নান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছিয়ে দেয়া হবে। রিলিফের চাল, উন্নয়ন বরাদ্দ, টিআর-কাবিখা দলীয় নেতাকর্মীদের পকেটে যাবে না, জনগণের কাছেই পৌঁছবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক কামরুল আহসান হাসান, সদস্য সচিব মো: রুহুল আমিন প্রমুখ। উল্লেখ্য, হেলথ কার্ডধারী নির্বাচিত হাসপাতালে ২০-৫০% ছাড়ে স্বাস্থ্য সেবা গ্রহণের সুবিধা পাবেন। এ ছাড়াও নামমাত্র মূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস এবং ক্ষেত্র বিশেষ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস সুবিধা গ্রহণ করতে পারবে।
এদিকে, হাজারীবাগ দক্ষিণ থানা জামায়াতের উদ্যোগে বুধবার রাতে স্থানীয় ১৩টি মন্দির কমিটির নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১০ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।