গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে ট্রাক চালকের মৃত্যু
Printed Edition
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াডোব-পোড়াপাড়া এলাকায় ইটের ভাটায় মাটি নামানোর সময় ড্রাম ট্রাকে বিদ্যুতের তারে জড়িয়ে চালক মহিরুল ইসলাম নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকের সহকারী সজিব হোসেন।
গেলো রাত আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত চালক মহিরুল ইসলাম গাংনী তেরাইল গ্রামের পশ্চিমপাড়া এলাকার গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। আহত সজিব হোসেন একই উপজেলার ছাতিয়ান গ্রামের লাল্টু মিয়ার ছেল। আহত সজিব হোসেন বর্তমানে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
জানা গেছে, দুর্ঘটনার সময় ড্রাম ট্রাকটি ইটভাটায় মাটি নামাচ্ছিল। এ সময় ট্রাকটি বিদ্যুতের তারের সাথে স্পর্শ হলে চালক গুরুতর দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনায় তার শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।