সার উৎপাদন, বিতরণ ও সার ডিলার নিয়োগের কার্যক্রম পর্যালোচনা করে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দিতে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ কমিটি গঠনের কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ‘সার বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে সহায়তা করার জন্য মন্ত্রিসভা কমিটি’ নামে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো: জাহিদ হোসেনকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রজ্ঞাপনে কমিটির কার্যপরিধি নির্ধারণ করে বলা হয়েছে, দেশীয় সার উৎপাদন, বিতরণ ও সার-ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রম পর্যালোচনাপূর্বক কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে কমিটি।
এ ছাড়া কৃষি মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। অর্থাৎ কমিটির সভা আয়োজন, প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সরবরাহ এবং সিদ্ধান্ত বাস্তবায়নসংক্রান্ত প্রশাসনিক সহযোগিতা দেবে কৃষি মন্ত্রণালয়।
সরকারের এ সিদ্ধান্তের ফলে দেশের সার উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাপনা, ডিলার নিয়োগ এবং সার বিতরণ ব্যবস্থার বিভিন্ন দিক পর্যালোচনার সুযোগ তৈরি হলো। বিশেষ করে কৃষকদের কাছে সময়মতো সার পৌঁছানো এবং সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করার ক্ষেত্রে কমিটির পরামর্শ গুরুত্বপূর্ণ হতে পারে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, কমিটি অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো: হুমায়ুন কবির প্রজ্ঞাপনটি জারি করেন।