ইরানে হামলার সরাসরি নিন্দা ঢাকার কাছে প্রত্যাশা করি : রাষ্ট্রদূত
Printed Edition
কূটনৈতিক প্রতিবেদক
ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) সদস্য হিসেবে বাংলাদেশ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার সরাসরি নিন্দা জানাবে- এমনটা প্রত্যাশা করেন দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী।
গতকাল গুলশানে ইরান দূতাবাসে সাংবাদিকদের সাথে আলাপকালে রাষ্ট্রদূত এ অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, ইরান দীর্ঘমেয়াদে এ যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। আমাদের কাছে পর্যাপ্ত ড্রোন ও মিসাইলসহ প্রয়োজনীয় সামরিক শক্তি রয়েছে। আমরা অন্য কোনো দেশের কাছ থেকে লজিস্টিক সাপোর্ট চাই না। আমরা শুধু চাই, একটি মুসলিম দেশ আক্রান্ত হলে অন্য মুসলিম দেশগুলো তার প্রতি সহানুভূতি ও সমর্থন প্রকাশ করবে। ইরানের বর্তমান পরিস্থিতি তুলে ধরে জাহানাবাদী বলেন, ইরান শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই চালিয়ে যাবে।
ইরানে অবস্থানরত বাংলাদেশী শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, কত সংখ্যক বাংলাদেশী ইরানে আছে তার সঠিক পরিসংখ্যান এই মুহূর্তে আমার হাতে নেই। তবে আমি এতটুকু জানি, তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। যখনই কোনো ধরনের সহযোগিতা চাওয়া হবে বা কোনো বিষয় ইরান সরকারকে জানানো হবে, অবশ্যই সে অনুযায়ী সর্বোচ্চ ও উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।
রাষ্ট্রদূত বলেন, আমরা ইরানি বা বিদেশী- এভাবে পার্থক্য করি না। আমাদের দেশে বর্তমানে যারা অবস্থান করছেন, তাদের যেকোনো সমস্যার সমাধানের জন্য সরকারের পক্ষ থেকে সমানভাবে পদক্ষেপ নেয়া হবে।