সাগরে নিখোঁজ লালমোহনের ১৩ জেলে ভারতের কারাগারে
Printed Edition
লালমোহন (ভোলা) সংবাদদাতা
দ্বীপ জেলা ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ১৩ জেলে সাগরে মাছ শিকারে গিয়ে দীর্ঘদিন নিখোঁজ রয়েছেন। গত সোমবার দুপুরে ভারতের পশ্চিমবঙ্গের একটি কারাগার থেকে এসব জেলে ভিডিও কলে তাদের পরিবারের সাথে কথা বলেন। তিন সপ্তাহ পর ১৩ জেলের জীবিত থাকার খবরে বাঁধ ভাঙা আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে পরিবারগুলোতে। তবে সরকারের কাছে ওই জেলেদের দ্রুত ভারত থেকে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা।
জানা গেছে, সাগরে মাছ ধরতে গিয়ে ভারত কোস্টগার্ডের কাছে আটক হন তারা। ধারণা করা হচ্ছে গভীর সাগরে মাছ শিকারে গিয়ে দিক ভুল করে ভারতীয় সীমানায় ঢুকে পড়ে জেলেরা। তারা তাদের অবস্থান জানিয়েছেন বলে জানান স্বজনরা।
এদিকে উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তাদের দেশে ফেরত আনার চেষ্টা চলছে। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আজিজ বলেন, জেলেদের অবস্থান শনাক্ত হয়েছে। তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনার কাজ চলছে।
উল্লেখ্য গত ১০ নভেম্বর উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফারুক মাঝির মা-বাবার দোয়া নামে একটি ট্রলিং বোটে জেলেরা সাগরে মাছ ধরার উদ্দেশ্যে যান। যাত্রার ছয় দিনের মধ্যে তাদের আবার তীরে ফেরার কথা থাকলেও দীর্ঘ প্রায় তিন সপ্তাহ অতিবাহিত হলেও তাদের খোঁজ পাচ্ছেন না স্বজনরা।
নিখোঁজ জেলেরা হলেন- লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের দলিল মাস্টার বাজার এলাকার মাকসুদুর রহমান, মো: খোকন, মো: হেলাল, মো: শামিম, মো: সাব্বির, মো: সজিব, মো: জাহাঙ্গীর, মো: নাছির মাঝি, বাতিরখাল এলাকার আব্দুল মালেক, মো: ফারুক, মো: মাকসুদ, মো: আলম মাঝি ও মো: ফারুক।