হলে মাদক সেবনের দায়ে জাবির দুই ছাত্রীকে দুই বছরের জন্য বহিষ্কার

Printed Edition

জাবি প্রতিনিধি

আবাসিক হলের কক্ষে মাদকদ্রব্য সংরক্ষণ ও সেবনের অভিযোগে দুই নারী শিক্ষার্থীকে দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সাথে তাদের আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার এবং একজনের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে নিয়মিত মামলা দায়েরের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত সোমবার ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই কঠোর সিদ্ধান্তের কথা জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান। বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৫১তম ব্যাচের তনুজা তিথি এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের সানজিদা আমীর ইনিসী।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১৮ এপ্রিল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেছা হলের ১১৬ নম্বর কক্ষে হল প্রশাসন একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে। কক্ষটি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের তনুজা তিথির নামে বরাদ্দ ছিল এবং অভিযানের সময় সেখানে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সানজিদা আমীর ইনিসী উপস্থিত ছিলেন। এই চাঞ্চল্যকর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত দুই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ‘শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশ-২০১৮’ গুরুতরভাবে লঙ্ঘন করেছেন। বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাদেশ অনুযায়ী ক্যাম্পাস, বিভাগ, ইনস্টিটিউট ও আবাসিক হলের অভ্যন্তরে দেশী-বিদেশী যেকোনো ধরনের মাদকদ্রব্য সংরক্ষণ, সেবন কিংবা এর ব্যবসা সম্পূর্ণ নিষিদ্ধ। তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ায় ডিসিপ্লিনারি বোর্ডের সিদ্ধান্ত ও সুপারিশক্রমে সিন্ডিকেট সভা এই দুই ছাত্রীকে বিশ্ববিদ্যালয় থেকে দুই বছরের জন্য এবং আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। এর পাশাপাশি অপরাধের মাত্রা বিবেচনা করে তনুজা তিথির বিরুদ্ধে দেশের প্রচলিত রাষ্ট্রীয় আইনে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দেয়া হয়েছে।