দেশের বিভিন্ন স্থানে ভাষা শহীদদের স্মরণ
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনেক স্থানে প্রভাতফেরি, আলোচনা সভা, দোয়া মাহফিল, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে বাংলা ভাষার মর্যাদা রক্ষা ও শুদ্ধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। নতুন প্রজন্মের মধ্যে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতে সবার সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়। দিনব্যাপী এসব কর্মসূচিতে নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান: যথাযথ মর্যাদায় মিরসরাইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে উপজেলা শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন। পরে উপজেলা প্রশাসন, বারইয়ারহাট ও মিরসরাই পৌরসভা, মিরসরাই থানা, জোরারগঞ্জ থানা ও হাইওয়ে থানা পুলিশসহ বিভিন্ন দপ্তর শ্রদ্ধা নিবেদন করে। সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর ও রাজনৈতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ইউএনও সোমাইয়া আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নুরুল আমিন। বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
মুলাদী (বরিশাল) সংবাদদাতা জানান: মুলাদীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। রাত ১২টা ১ মিনিটে মুলাদী সরকারি কলেজ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, থানা প্রশাসন, বিএনপি ও অঙ্গসংগঠন, প্রেসক্লাব, বিভিন্ন সাংবাদিক সংগঠন এবং একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। সকালে প্রভাতফেরি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে কলেজ প্রাঙ্গণে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. গোলাম সরওয়ার। বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা জানান: শিবগঞ্জ উপজেলার মোকামতলায় অধিকার মানবকল্যাণ সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় মোকামতলা কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের সদস্যরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি সাংবাদিক খালিদ হাসান মাতৃভাষার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাঙালি জাতি ভাষার অধিকার প্রতিষ্ঠা করেছে। বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও ব্যবহার নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন। শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া (নাসিরনগর) সংবাদদাতা জানান: নাসিরনগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে। রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে উপজেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা সংসদ, থানা, রাজনৈতিক দল, প্রেসক্লাব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাসরিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এমএ হান্নান। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতারা বক্তব্য দেন। বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে মাতৃভাষার মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা জানান: ঝিকরগাছায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। একুশের প্রথম প্রহরে ইউএনও রনী খাতুনের নেতৃত্বে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল, প্রেসক্লাব ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা বক্তব্য দেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই পৌরসভা শাখার উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর শাখার আমীর মাওলানা শিহাব উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট ছাইফুর রহমান। বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মাতৃভাষা বাংলার সংরক্ষণ ও বিকাশে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভা শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা জানান, যথাযোগ্য মর্যাদায় গোমস্তাপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির শুরু হয়। প্রথমে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে উপজেলা প্রশাসন, বিএনপি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
গত শনিবার সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী আয়োজন করা হয়। উপজেলা ইউএনও জাকির মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ড. মিজানুর রহমান। বক্তব্য দেন- সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইছাহাক আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, শিক্ষক ইয়াসমিন খাতুন ও শিক্ষার্থী ইশরাত জাহান প্রমুখ।
বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মকে ভাষার মর্যাদা রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।