পরপর নতুন দুই ফোক গান নিয়ে জুঁই
Printed Edition
বিনোদন প্রতিবেদক
বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীত শিল্পী ইসরাত জাহান জুঁই ফোক গান দিয়ে একের পর এক মুগ্ধতা ছড়াচ্ছেন সঙ্গীতপ্রেমী শ্রোতা দর্শকের মাঝে। বেশ কিছু দিন বিরতির পর জুঁইয়ের কণ্ঠে আবারো নতুন দুটি ফোক গান প্রকাশ পেয়েছে। একটি গানের শিরোনাম ‘যার অন্তর ভালা, রূপের দরকার নাই’, আরেকটি গানের শিরোনাম ‘মানুষ চেনা বড় দায়’। ‘যার অন্তর ভালা, রূপের দরকার নাই’ গানটি লিখেছেন রূপচান্দ, সুর করেছেন পাগল মুস্তাক, মিউজিক করেছেন মুন্সী জুয়েল। ‘মানুষ চেনা বড় দায়’ গানটি লিখেছেন মল্লিক রাসেল, সুর সঙ্গীত করেছেন আকাশ মাহমুদ। ‘যার অন্তর ভালা রূপের দরকার নাই’ গানটি প্রকাশ পেয়েছে ‘ইসরাত জাহান জুঁই’ ইউটিউব চ্যানেলে। অন্য গানটি আরেকটি ভিন্ন ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। জুঁই বলেন, ‘ফোক গান গাইতেই আমি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। যে কারণে স্টেজ শোতে নিজেকে ফোক গানের একজন শিল্পী হিসেবেই প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। ফোক গান নিয়ে দেশের বাইরের স্টেজ শোগুলোতে বেশি সাড়া পাই আমি। দেশের আনাচে কানাচেও দারুণ সাড়া মিলে। যে কারণে আমি নতুন ফোক গান প্রকাশেই মনোযোগ দিয়ে থাকি। প্রকাশিত নতুন দুটি মৌলিক গানের মধ্যে-যার অন্তর ভালা-রূপের দরকার নাই-গানটির কথা ও সুর আমার কাছে অনেক বেশি ভালোলাগার। এই গানটির জন্য ভীষণ সাড়া পাচ্ছি। মানুষ চেনা বড় দায়-গানটিও সুন্দর। আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমার গানের শ্রোতাদের কাছে এবং আমাকে নিয়মিত যারা অনুপ্রেরণা দিয়ে স্টেজ শোতে গান গাইবার সুযোগ করে দেন। জুঁইয়ের কণ্ঠে মৌলিক গান হিসেবে ফোক গান ‘তুমি বুঝলা না’, ‘মিরপুর এক্সপ্রেস’, ‘পোষা পাখি’, ‘মরার কোকিলে’, ‘প্রেমের হাওয়া’ যেমন দারুণ জনপ্রিয়তা পেয়েছে ঠিক তেমনি কাভার সং হিসেবে জুঁইয়ের কণ্ঠে ‘তোমরা কইওগো বুঝাইয়া’, ‘বন্ধু আইবা’, ‘জীবন মানেই তো যন্ত্রনা’, ‘কলিজা ভুনা’, ‘এক খান পান চাইলাম পান দিলে না’, তোর পিরিতের এত জ্বালা’, ‘আইলানা আইলানা বন্ধু’সহ আরো বেশ কিছু গান জনপ্রিয়তা পায়। জুঁই ঢাকার সরকারি সঙ্গীত কলেজ থেকে লোকসঙ্গীতে অনার্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি এই কলেজে একই বিষয়ে মাস্টার্স করছেন। সিনেমাতেও গান গেয়েছেন তিনি। ‘শুটার’, ‘অবতার’ ও ‘মধু হই হই বিষয় খাওয়াইলা’ সিনেমায় গেয়েছেন তিনি। জুঁইয়ের একমাত্র সন্তান নাহিয়ান ইসলাম রাজ্য।