চার শতাধিক ধারাবাহিকের অভিনেতা দিল

Printed Edition

সাকিবুল হাসান

দর্শকের নিশ্চয়ই মনে আছে এই সংলাপটি ‘ছেলে নাইনটি নাইন পার্সেন্ট ভালো, শুধু নাইট ক্লাবে যায়’। অমিতাভ রেজা নির্মিত একটি রডের বিজ্ঞাপনে এই সংলাপটি যার মুখে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি হলেন জনপ্রিয় অভিনেতা, মডেল ও নাট্যকার শফিক খান দিলু। যিনি যুবরাজখ্যাত প্রয়াত অভিনেতা খালেদ খানের আপন চাচাত ভাই। দীর্ঘদিন যশোহরে ও টেক্সটাইল মিলে জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করার পর যেকোনো এক কারণে তিনি চাকরি ছেড়ে দিয়ে ২০০১ সালে যখন খালেদ খানের সাথে ঢাকায় দেখা করেন, তখন খালেদ খানই তাকে তার প্রোডাকশন হাউজের হিসাব রক্ষণের কাজে লাগিয়ে দেন। সেই বছরই তিনি প্রথম নাহিদ আহমেদ পিয়ালের ‘পূব পাড়ার ম্যানেজার, পূর্বাশার ছৈম্মা’ নাটকে তিনটি দৃশ্যে অভিনয় করেন। এরপর থেকে দীর্ঘ পঁচিশ বছরের অভিনয় জীবনের পথচলায় চার শতাধিক ধারাবাহিক নাটক, অসংখ্য খণ্ড নাটকে অভিনয় ও এক শতাধিক বিজ্ঞাপনে মডেল হিসেবে অভিনয় করেছেন। ধারাবাহিক নাটকের মধ্যে বিশেষত উল্লেখযোগ্য হলো সালাহ উদ্দিন লাভলুর ‘ভবের হাট’, ‘ঘর কুটুম’, প্রয়াত সাইদুল আনাম টুটুলের ‘আলোক নগর’সহ মান্নান হীরা, শহীদুজ্জামান সেলিম, সকাল আহমেদ, সৈয়দ শাকিল, তাহের শিপন’সহ আরো বহু গুণী নাট্যনির্মাতার নাটকে অভিনয় করেছেন তিনি। দিলু অভিনীত প্রথম সিনেমা ছিল ‘মেঘকন্যা’। এরপর তিনি ‘লাল চর’, ‘হালদা’, ‘অজ্ঞাতনামা’ সিনেমায় অভিনয় করেন। তবে প্রয়াত সিনেমাটোগ্রাফার, নির্মাতা জেড এইচ মিন্টু পরিচালিত ‘ক্ষমা নেই’ সিনেমাটিতে অভিনয় করলেও এখনো মুক্তি পায়নি সিনেমাটি। খুলনা বিএল কলেজের সাবেক এই শিক্ষার্থী খুব অল্প বয়স থেকেই লেখালেখিও করেন। তার রচিত প্রথম প্রচালিত নাটক ‘জাতের মেয়ে কালো ভালো’। এছাড়াও তার রচিত দর্শকপ্রিয় নাটক হচ্ছে ‘কিয়াই সাব’, ‘সম্পত্তি ও সম্পর্ক’, ‘মামু’,‘মগা মতি’, ‘প্রেস্টিজ’, ‘জেড়া বিয়ে’, ‘অবাধ্য সন্তান’ ইত্যাদি। দিলুর স্ত্রী কাজল, তাদের রয়েছে তিন পুত্রসন্তান। দিলুর বাবা প্রয়াত আব্দুস সামাদ খান ও মা সালেহা খাতুন। পড়াশুনা খুলনা বিএল কলেজে। অভিনয় জীবনের রজতজয়ন্তীতে গুণী এই অভিনেতা বলেন, ‘মূলত প্রয়াত খালেদ খান ভাইয়ের কারণেই তারই প্রোডাকশন হাউজে কাজ করার মধ্যদিয়ে অভিনয় জীবনের সাথে আমার সম্পৃক্ততা। পারিবারিক কারণেই মূলত একসময় চাকরি ছেড়ে দিয়ে তার কাছে এসেছিলাম। সেখান থেকেই নাহিদ আহমেদ পিয়ালের নাটকে অভিনয় করা। আমার প্রথম নাটক এনটিভিতে প্রচারের পর শ্রদ্ধেয় মোস্তফা কামাল সৈয়দ স্যার খালেদ ভাইকে বলেছিলেন আমি যেন অভিনয়টা করি। সেই যে শুরু হলো আজ অবধি করেই যাচ্ছি। আন্তরিক কৃতজ্ঞতা দর্শকের প্রতি, কারণ দর্শকের ভালোবাসায় অনুপ্রাণিত হয়েই এখনো নিয়মিত অভিনয় করে যাচ্ছি।’