ছয় সিটিতে নতুন প্রশাসক : দায়িত্ব পেলেন বিএনপির শীর্ষ নেতারা
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
দেশের রাজনীতিতে পটপরিবর্তনের পর ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগ পাওয়া ছয়জনই বিএনপির প্রভাবশালী ও জ্যেষ্ঠ নেতা। স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির মাধ্যমে আগের আমলাতান্ত্রিক প্রশাসকদের সরিয়ে তাদের স্থলাভিষিক্ত করা হলো।
দায়িত্ব গ্রহণের পর স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুততম সময়ে স্থানীয় সরকার নির্বাচনের কথা বললেও, অন্তর্বর্তীকালীন ব্যবস্থার অংশ হিসেবে এই রাজনৈতিক নিয়োগ দেয়া হয়েছে। নিচে ছয় সিটির নতুন প্রশাসকদের পরিচিতি তুলে ধরা হলো:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) : ডিএসসিসির নতুন প্রশাসক হয়েছেন প্রবীণ বিএনপি নেতা আবদুস সালাম। তিনি বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। ইতঃপূর্বে তিনি অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি অতিরিক্ত সচিব মো: মাহমুদুল হাসানের স্থলাভিষিক্ত হলেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) : ডিএনসিসির দায়িত্ব পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শফিকুল ইসলাম খান। তিনি ইতঃপূর্বে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব ছিলেন। তিনি অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহানের স্থলাভিষিক্ত হয়েছেন। উল্লেখ্য, শফিকুল ইসলাম সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
খুলনা সিটি করপোরেশন (খুসিক) : বর্ষীয়ান রাজনীতিক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু খুলনার নতুন প্রশাসক হয়েছেন। তিনি খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতির পদে দীর্ঘ ২৮ বছর দায়িত্ব পালন করেছেন এবং ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বর্তমান প্রশাসক মোখতার আহমেদের স্থলাভিষিক্ত হলেন।
গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) : গাজীপুরের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। বর্ণাঢ্য স্থানীয় রাজনৈতিক পরিবারের উত্তরসূরি শওকত হোসেন টানা ১০ বছর কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি বর্তমান প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) : আলোচিত সাত খুন মামলার বাদিপক্ষের আইনজীবী ও মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নাসিকের প্রশাসক নিযুক্ত হয়েছেন। জেলা আইনজীবী সমিতির সাবেক এই সভাপতি ২০১৬ সালের নাসিক নির্বাচনে মেয়র পদে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি আবু নছর মোহাম্মদ আবদুল্লাহর স্থলাভিষিক্ত হলেন।
সিলেট সিটি করপোরেশন (সিসিক) : সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী সিসিকের নতুন প্রশাসক হয়েছেন। ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা কাইয়ুম চৌধুরী সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের রাজনৈতিক সচিব ছিলেন। তিনি বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য।
তিনি বর্তমান প্রশাসক খান মো: রেজা-উন-নবীর স্থলাভিষিক্ত হলেন।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার আওয়ামী আমলের মেয়রদের পদচ্যুত করে সরকারি কর্মকর্তাদের প্রশাসক নিয়োগ দিয়েছিল। নতুন সরকার দায়িত্ব নেয়ার এক সপ্তাহের মাথায় সেই কাঠামো ভেঙে রাজনৈতিক নেতৃত্ব ফিরিয়ে আনল।