সিডনির বন্ডাই বিচে ইহুদি উৎসবে বন্দুক হামলা : নিহত ১২
Printed Edition
রয়টার্স
অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত বন্ডাই বিচে ইহুদি ধর্মীয় উৎসব চলাকালে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গতকাল রোববার বিকেলে একাধিক বন্দুকধারী হঠাৎ করে গুলি চালালে অন্তত ১২ জন নিহত হন এবং আরো প্রায় এক ডজন মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন হামলাকারী নিহতদের তালিকায় রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেয়া হয় এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এ ঘটনাকে ‘ভয়াবহ ও মর্মান্তিক’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, জরুরি সেবাদানকারী সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
অস্ট্রেলিয়ায় কঠোর অস্ত্র আইন থাকায় এ ধরনের গণবন্দুক হামলা অত্যন্ত বিরল। তাই বন্ডাই বিচের এই ঘটনা দেশজুড়ে তীব্র শোক ও আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, সৈকতের পাশে মানুষ আতঙ্কে ছোটাছুটি করছে এবং কয়েকজন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে।
পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকায় আর কোনো সক্রিয় হুমকি নেই। তবে তদন্ত চলমান এবং হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জনগণকে আপাতত ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। এই হামলা শুধু অস্ট্রেলিয়ার জনগণকেই নয়, আন্তর্জাতিক মহলকেও গভীরভাবে নাড়া দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও এ ধরনের ঘটনা নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা তুলে ধরছে।