নওগাঁয় বজ্রপাতে নিহত ২ কৃষক
Printed Edition
নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় মাঠে ক্ষেতের কাজ করতে গিয়ে পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ধামইরহাট ও মান্দা উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ধামইরহাট উপজেলার ভাবির মোড় এলাকার মোখলেসুর রহমানের ছেলে জালাল উদ্দীন ও মান্দা উপজেলার চকরামপুর মধ্যপাড়া ঈদগাহ সংলগ্ন পাড়ার মোসলেমের ছেলে পিন্টু।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে বাড়ির পাশে একটি বিলে ক্ষেত পরিচর্যা করতে যান কৃষক জালাল উদ্দীন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তার লাশ বাড়িতে নিয়ে যায়।
এ দিকে মান্দা থানার অফিসার্স ইনচার্জ জানান, বাড়ির পাশে একটি মাঠে ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই পিন্টু নিহত হন। এ সময় তার সাথে থাকা আর একজন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা।