বগুড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
Printed Edition
বগুড়া অফিস
বগুড়ার শিবগঞ্জ ও ধুনট উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার এ দু’টি ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের মোগলপাড়া গ্রামে নুসরাত জাহান নুরী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আব্দুল বারীর মেয়ে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে খেলাধুলার সময় অসাবধানতাবশত ডোবার পানিতে পড়ে যায় নুরী। পরে বাড়ির পাশের ডোবা থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান বলেন, লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে, ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের মবুয়াখালী গ্রামে আয়মান আলী (৪) নামের আরেক শিশুর মৃত্যু হয়েছে। সে সোনারগাঁ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে মায়ের সাথে নানাবাড়িতে বেড়াতে এসেছিল আয়মান। বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে ফুটবল খেলতে গিয়ে তার বলটি পুকুরে পড়ে যায়। বল তুলতে গিয়ে সে পানিতে নেমে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে আয়মান আলীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।