বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী : মঈন খান
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘বাংলাদেশের ওপরে পাথরের মতো আওয়ামী লীগ বাকশাল চাপিয়ে দিয়েছিল। সেই ধারণায় বিএনপি বিশ্বাস করে না। বিএনপির জনগণের শক্তিতে বিশ্বাস করে।’
বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কার্যালয় খোলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঙ্গলবার দুপুরে তিনি এসব কথা বলেন।
সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত এবং শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন মঈন খান। এ সময় একজন সাংবাদিক আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়ে বিএনপির অবস্থান সম্পর্কে জানতে চান।
জবাবে মঈন খান বলেন, ‘আমাদের দলীয় অবস্থান অত্যন্ত স্পষ্ট। বিএনপি স্বাধীনতার পক্ষে কাজ করছে। ১৯৭১ এর সেই কালো রাতে যেদিন পাক হানাদার বাহিনী হায়েনার মতো এ দেশের নিরীহ মানুষ ওপরে ঝাঁপিয়ে পড়েছিল, সেদিন প্রতিবাদের ঝাণ্ডা উঁচু করে দাঁড়িয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা সেই আদর্শে বিশ্বাসী। বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, পার্লামেন্টারি গণতন্ত্রে বিশ্বাসী। আমরা সেই বিশ্বাসে বিশ্বাসী হয়ে সামনের দিকে এগিয়ে যাবো।’
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বিএনপি একটি উদার রাজনৈতিক দল। আমরা সবাইকে নিয়ে রাজনীতি করি। প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। এটা আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছেন।’
তিনি বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র আমরা বারবার ফিরিয়ে এনেছি। ২০২৪ সালে ৫ আগস্ট যে ছাত্র-জনতার বিপ্লব হয়েছে তারই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। এ গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা আমরা রক্ষা করব।’