হাম ও উপসর্গে মৃত্যু পৌঁছাল ৭১৮ জনে
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
সারা দেশে হামের উপসর্গ নিয়ে সোমবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ঢাকায়, অন্যজন সিলেটে মারা গেছে। তবে এ সময় নিশ্চিত হামে কারো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
এ সময় নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৮০ জন। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ১১৪ শিশুর। আর উপসর্গ মিলেছে ৮৬৬ জনের। এ নিয়ে চলতি বছরে সাড়ে ৩ মাসে হাম ও উপসর্গে আক্রান্ত হলো এক লাখ ১৩ হাজার ৪২ শিশু। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে মোট ৭১৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬২৩ জন।
একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১১ হাজার ৯৬৫ জনের। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে এক লাখ এক হাজার ৭৭ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪ হাজার ৬২৭ শিশু, আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৮০ হাজার ৯৭৪ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে ৩২৬ জন, আক্রান্ত হয়েছে ৫৪ হাজার ২৪৬ জন।
সিলেটে আরেক শিশুর মৃত্যু
সিলেট ব্যুরো জানায়, সিলেটে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যাওয়া ৩ মাস ১৮ দিনের শিশু লক্ষণ সরকার নগরীর করেরপাড়ার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে হামে ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ল্যাব পরীক্ষায় ছয়জনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৫৪ জন। গতকাল এতথ্য নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।