দুর্নীতির দায়ে বদলি চুয়াডাঙ্গা সমবায় কর্মকর্তা বহাল তবিয়তে
Printed Edition
চুয়াডাঙ্গা প্রতিনিধি
দুর্নীতির দায়ে বদলি হওয়া চুয়াডাঙ্গা জেলার ভারপ্রাপ্ত সমবায় কর্মকর্তা কাজী বাবুল হোসেন বহাল তবিয়তে অফিস করছেন। গত ৩০ সেপ্টেম্বর তার বদলির আদেশ ইস্যু হলেও এখনো দাফতরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। এমনকি প্রাতিষ্ঠানিক যাবতীয় দায়িত্বও পালন করছেন।
জানা গেছে, ২০২২ সালের ২৬ ডিসেম্বর চুয়াডাঙ্গা জেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে যোগদান করেন কাজী বাবুল হোসেন। চাকরিকালীন সময়ে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমা পড়ে অধিদফতরে। তদন্ত শেষে প্রশাসনিক কারণ দেখিয়ে সমবায় অধিদফতরের অতিরিক্ত নিবন্ধক (প্রশাসন, মাসউ ও ফাইন্যান্স) মোহাম্মদ হাফিজুল হায়দার চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে তাকে গত ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়া জেলা সমবায় কার্যালয়ে উপসহকারী নিবন্ধক হিসেবে বদলি করা হয়। এরপর গত ৩০ নভেম্বর বিভাগীয় কার্যালয় থেকে কাজী বাবুল হোসেনকে রিলিজও দেয়া হয়। তবুও নিয়মিতভাবে চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে অফিস করছেন তিনি।
অভিযোগ রয়েছে, চুয়াডাঙ্গা জেলা সমবায় কর্মকর্তা হিসেবে বদলির আদেশপ্রাপ্ত হন কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপসহকারী নিবন্ধক আনিছুর রহমান। অথচ তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি-ধমকি দিয়ে আসছেন কাজী বাবুল হোসেন। অজানা কারণে কাজী বাবুল এখনো রয়েছেন বহাল তবিয়তে।
এ ব্যাপারে কাজী বাবুল হোসেন বলেন, আমার বদলি আদেশ স্থগিত হতে পারে বলে শুনেছি। তাই নতুন কর্মস্থলে যোগদান করিনি। সমবায় অধিদফতরের নিবন্ধক ও মহাপরিচালক ইসমাইল হোসেন জানান, বিষয়টি খোঁজখবর নিয়ে খতিয়ে দেখা হচ্ছে। কী কারণে তিনি কর্মস্থল ত্যাগ করেননি, সেটিও জানতে চাওয়া হবে।