চট্টগ্রামে আবুল খায়ের স্টিল মেল্টিং কারখানায় ডাকাতি চেষ্টা ও লুটপাটের ঘটনায় ৭ জন গ্রেফতার

Printed Edition

চট্টগ্রামের সীতাকুণ্ডে সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় অবস্থিত আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেড (একেএসএমএল) কারখানায় ডাকাতির চেষ্টা ও হামলার ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে সোনাইছড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম। তিনি জানান, একেএস স্টিল কারখানায় হামলার ঘটনায় এজাহারভুক্ত সাত আসামি গ্রেফতার হয়েছে। এজাহারভুক্ত বাকি তিনজনসহ অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান। গ্রেফতারকৃতরা হলেন- মো: জামাল (৩৮), রমজান আলী (২৮), মো: রনি (২০), মো: এছহাক (৪৮), আরশাদুর রহমান (২০), মো: আলাউদ্দিন (৪৮) ও মো: খোকন (৩০)। এর আগে গত বৃহস্পতিবার মধ্যরাতে ২৫ থেকে ৩০ জনের সঙ্ঘবদ্ধ অস্ত্রধারী একদল ডাকাত তাদের ওই কারখানায় এসে লুটপাটের চেষ্টা চালায়। এ সময় নিরাপত্তাপ্রহরীর দায়িত্বে থাকা পাঁচজনকে তারা পিটিয়ে জখম করে। কারখানার ফটকে থাকা নিরাপত্তা বক্স ও একটি পিকআপ ভাঙচুরসহ ২০ হাজার টাকা লুট করে। এ সময় এলাকাবাসীর সহায়তা চাওয়া হলে স্থানীয় লোকজন এগিয়ে এসে সম্মিলিত প্রতিরোধে ডাকাতদলের সদস্যরা পালিয়ে যায়। ঘটনার পরদিন শুক্রবার কারখানার সিকিউরিটি শিফট ইনচার্জ মো: আলাউদ্দিন বাদি হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং আরো ১৫/২০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেন। চট্টগ্রাম ব্যুরো।