জাতীয় সংসদ নির্বাচন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে ব্রিফ করল জাতিসঙ্ঘ
Printed Edition
কূটনৈতিক প্রতিবেদক
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে ব্রিফ করেছে জাতিসঙ্ঘের বাংলাদেশ কার্যালয়।
গতকাল রাজধানীর গুলশানে ইউএন হাউজে আয়োজিত ব্রিফিংয়ে জাতিসঙ্ঘের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে কী কী কারিগরি সহায়তা দেয়া হবে সে বিষয়ে একটি সারসংক্ষেপ উত্থাপন করা হয়। ব্রিফিংটি প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে শেষ হয়।
জাতিসঙ্ঘের কার্যালয় থেকে জানানো হয়, ব্যালট প্রকল্পের মাধ্যমে জাতিসঙ্ঘ নির্বাচন কমিশনকে তাদের কার্যকরী সক্ষমতা বৃদ্ধি, কর্মকর্তাদের প্রশিক্ষণ, ভোটার ও নাগরিক শিক্ষা কার্যক্রমে সহায়তা, প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ এবং নির্বাচনী প্রক্রিয়ায় অন্তর্ভুক্তি ও তথ্যের সঠিকতা নিশ্চিত করতে সহযোগিতা করছে। এই সহায়তা জাতিসঙ্ঘের মূল নীতিমালার ভিত্তিতে দেয়া হয়, যার মধ্যে রয়েছে জাতীয় সার্বভৌমত্ব ও মালিকানা, মানবাধিকার সুরক্ষা এবং পক্ষপাতহীন, নিরপেক্ষতা ও স্বাধীনতার প্রতি অঙ্গীকার। ২০২৫ সালের মে মাসে শুরু হওয়া ব্যালট প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে নিবন্ধিত ১২ কোটি ভোটারের পাশাপাশি আরো প্রায় ৮০ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে, যার মধ্যে রয়েছে ৩৮ লাখ পুরুষ এবং ৪০ লাখ নারী।