কৃত্রিম সঙ্কট তৈরির অভিযোগে ইউএনওর অভিযান
গোমস্তাপুরে বড় দাদপুরে পেট্রলপাম্পকে অর্থদণ্ড
Printed Edition
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সঙ্কট তৈরি অবৈধ মজুদ ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বড়দাদপুর এলাকায় অবস্থিত মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী।
গতকাল শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গিয়ে সেখানে দেখা যায় ফিলিং স্টেশনটি ‘পাম্পে তেল নেই’ স্টিকার ঝুলিয়ে জ্বালানি তেল বিক্রি বন্ধ রেখেছে। ইউএনও জাকির মুন্সী স্টোরেজ যাচাই করতে গিয়ে দেখেন ফিলিং স্টেশনে ২৩৬৮ লিটার পেট্রল, ৩৭৬০ লিটার ডিজেল এবং ৩৬৫৫ লিটার অকটেন মজুদ রয়েছে।
মজুদ থাকা সত্ত্বেও পণ্য (পেট্রল, ডিজেল, অকটেন) বিক্রয় না করার অপরাধে ব্রাদার্স অ্যান্ড সিস্টারস ফিলিং স্টেশনকে ফান্ড ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী। এ সময় জনপ্রতিনিধি হিসেবে ওই ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।
অভিযানে তার সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহায়তা করেন।
অভিযানকালে ইউএনও পাম্প মালিকদের তেলের মজুদ ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সরকারি নির্দেশনা মেনে চলার কঠোর নির্দেশ দেন। তিনি পাম্প মালিকদের সতর্ক করে বলেন, কোনো অবস্থাতেই অবৈধভাবে তেল মজুদ করে কৃত্রিম সঙ্কট তৈরি করা যাবে না।
প্রতিটি বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই ক্রয় রসিদ নিশ্চিত করতে হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।