ফরিদপুর সমরিতা হাসপাতালে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের এক মাস ২০ দিন পর মারা গেছেন কবিতা মন্ডল (৩৫) নামে এক রোগী।

বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ঢাকা কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

ওই নারী রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের অশান্ত মন্ডলের স্ত্রী।

তার স্বামী অশান্ত মন্ডল জানান, গত ২৯ জুন ফরিদপুর সমরিতা হাসপাতালে সিজারের জন্য তার স্ত্রীকে ভর্তি করা হয়। ওইদিন সন্ধ্যায় ডা: লক্ষী রানী দত্ত সিজারিয়ানের মাধ্যমে কন্যা সন্তান প্রসব করান। পরদিনই কবিতার পেট ফুলে যায়। সেখান থেকে ঢাকা ইবনে সিনা হাসপাতালে গত ৩ জুলাই ভর্তি করা হয়।

তিনি জানান, গত ৭ জুলাই ডা: আব্দুল জলিলের তত্ত্বাবধানে চিকিৎসাকালীন পরীক্ষা করে দেখতে পান তার পেটে প্রায় দেড় কেজি গজ রেখে সেলাই দেয়া হয়েছে। ওইদিনই সেখানে অপারেশনের মাধ্যমে গজ বের করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত সোয়া ২টার সময় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তার স্ত্রী।

অশান্ত মন্ডল বলেন, ‘এখন আমি ২ মাসের সন্তান নিয়ে কিভাবে বাঁচব। আরো ২টি ছোট ছোট ছেলে নিয়ে অথৈই সাগরে পড়লাম। আমি এর বিচার দাবি করছি।’

তিনি আরো বলেন, ‘চিকিৎসক লক্ষী রানী দত্ত আমার হোয়াইটঅ্যাপ ম্যাসেজ দিয়ে লেখেন, দাদা নমস্কার। ভালো থাকুন ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি। সব কথার আগে করজোড়ে ক্ষমা প্রার্থী। ভুল মানুষেরই হয়, অনেক ঝামেলার ভেতর থেকে আমি ভুল করে ফেলেছি আমি বার বার ক্ষমা প্রার্থী আপনার কাছে। কিভাবে অনেক কষ্টে আছি। আবারো ক্ষমা চাচ্ছি দাদা।’

এ বিষয়ে ডা: লক্ষী রানী দত্তর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার খেয়াল নেই, একটু পরে ফোন দিচ্ছি বলে কেটে দেন। পরে আবারো যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।’