মতলবে চাঁদা দাবির অভিযোগে মামলা সপ্তাহ পেরোলেও গ্রেফতার নেই

হিন্দু সম্প্রদায়ের বিয়ে বাড়িতে হামলা

Printed Edition

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের রায়েরকান্দি নমোপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের এক বিয়েবাড়িতে হামলা ও চাঁদা দাবির ঘটনায় ১৩ জনকে আসামি করে মামলা হয়েছে। তবে ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এজাহারভুক্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ করেছেন মামলার বাদি বাবু লাল বিশ্বাস (৬০)।

বাবু লাল বিশ্বাস জানান, তার তিন ছেলে প্রবাসে থাকে। গত ২৪ ফেব্রুয়ারি এক ছেলের গায়ে হলুদের অনুষ্ঠানে এলাকার কিশোর গ্যাংখ্যাত কয়েকজন এক লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় এক পর্যায়ে তারা ৩০ হাজার টাকার জন্য চাপ দেয় এবং ভয়ভীতি দেখায়। শেষে তার ছেলে বিশ্বনাথ বিশ্বাস তাদেরকে তিন হাজার টাকা দেয়।

কিন্তু গত ২৫ ফেব্রুয়ারি বিয়ের শোভাযাত্রা বের হওয়ার সময় তাদের বাধা দেয়া হয়। স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি তখন সামাল দেয়া গেলেও পরদিন ২৬ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে আসামিরা সংঘবদ্ধ হয়ে বাড়িতে হামলা চালায়। এতে ত্রিনাথ বিশ্বাসের মাথায় লাঠির আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত জখম হন। এ সময় তার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। সেই সাথে হামলাকারীরা বাড়িতে আগত অতিথিদের ওপর হামলা চালিয়ে তাদেরকেও আহত করে।

আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে সামাজিকভাবে মীমাংসার চেষ্টা ও চিকিৎসাজনিত কারণে মামলা করতে বিলম্ব হয়েছে বলে জানান বাদি। তার অভিযোগ, মামলা হলেও আসামিরা এলাকায় ঘোরাফেরা করছে এবং মীমাংসার চাপ দিচ্ছে। কিন্তু পুলিশ তাদেরকে ধরছে না।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান বলেন, মামলা নেয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।