১৪ বার ৪০ গোল রোনালদোর
Printed Edition
ক্রীড়া ডেস্ক
সৌদি প্রো লিগে গত পরশু আল আখদুদকে ৩-০ ব্যবধানে হারিয়েছে আল নাসর। ম্যাচে দুইবার জালের দেখা পান ক্রিশ্চিয়ানো রোনালদো। আর দলের হয়ে শেষ গোলটি করেন তারই স্বদেশী জোয়াও ফেলিক্স। এই নিয়ে ১০ ম্যাচের সব ক’টিতেই জিতে লিগে নতুন রেকর্ড গড়ল আল নাসর। আর ম্যাচ জয়ে জোড়া গোলের সুবাদে ৪০ গোলের মাইলফলক ছুঁয়েছেন ৪০ পেরোনো সিআর সেভেন। আর ক্যারিয়ারে ১৪টি ভিন্ন বছরে ন্যূনতম ৪০টি করে গোল করলেন পর্তুগিজ ফরোয়ার্ড। আর ক্যারিয়ারে হাজারতম গোল করার পথে আরো এগিয়ে গেলেন তিনি। এ নিয়ে ১৩০০তম ম্যাচ খেলে ৯৫৬টি গোল হলো পর্তুগালের সুপারস্টারের। এই জয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আল নাসর। সমান ম্যাচে ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে আল হিলাল।
চলতি বছর ৪০ গোল করার পথে একটা জায়গায় তার চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকেও পেছনে ফেলেছেন রোনালদো। ২০১০ সালে এই অভিযান শুরুর পর ২০১৯ সাল ছাড়া প্রতি বছরই ন্যূনতম ৪০টি করে গোল করেছেন পর্তুগালের এই কিংবদন্তি। চলতি বছর ৪৬টি গোল করেছেন আর্জেন্টিনার অধিনায়ক। আর এ নিয়ে সব মিলে ১৩ বার ৪০ বা তার ঊর্ধ্বে গোল করেছেন রেকর্ড আটবার ব্যালন ডি’অর জয়ী মেসি।