রাজবাড়ীতে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ
Printed Edition
রাজবাড়ী প্রতিনিধি
প্রচণ্ড তাপদাহ ও ভ্যাপসা গরমে রাজবাড়ীতে হঠাৎ করেই ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে গেছে। এতে জেলা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে রোগীর চাপ বেড়েছে। বেড সঙ্কটের কারণে অনেক রোগীকে মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে।
গতকাল রোববার (২৬ এপ্রিল) রাজবাড়ী জেলা সদর হাসপাতালে গিয়ে এমন চিত্র দেখা যায়। হাসপাতাল সূত্রে জানা গেছে রোববার দুপুর পর্যন্ত নতুন করে ২৮ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে মোট ৪৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন এ হাসপাতালে। গত এক সপ্তাহে আরো ৫৫ জন রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বলে জানান ডায়রিয়া ওয়ার্ডের স্টাফ নার্স কবিতা।
হাসপাতালে গিয়ে দেখা যায়, বেডের অভাবে রোগীরা ওয়ার্ডের মেঝে, বারান্দা কিংবা যেখানে জায়গা পাচ্ছেন, সেখানেই চিকিৎসা নিচ্ছেন। লোডশেডিংয়ের মধ্যে তীব্র গরমে এসব স্থানে রোগী ও স্বজনদের দুর্ভোগ আরো বেড়েছে।
সদর উপজেলার সূর্যনগর থেকে আসা সামসু মোল্লা বলেন, শুক্রবার রাতে স্ত্রীকে হাসপাতালে ভর্তি করালেও বেড পাননি। বাধ্য হয়ে বারান্দায় থাকতে হচ্ছে। সেখানে ফ্যানের ব্যবস্থাও নেই, ফলে গরমে কষ্ট আরো বেড়ে গেছে তাদের।
সদরের পাচুরিয়া থেকে আসা রফিক পাটারী জানান, ডায়রিয়ায় আক্রান্ত মেয়েকে নিয়ে হাসপাতালে এসে ভেতরে কোনো জায়গা না পেয়ে বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে। এতে রোগীর পাশাপাশি স্বজনরাও ভোগান্তিতে পড়ছেন।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: শেখ মো: আব্দুল হান্নান বলেন, গত কয়েক দিনে ডায়রিয়া রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বেডের তুলনায় রোগী বেশি হওয়ায় মেঝেতেও চিকিৎসা দিতে হচ্ছে। তবে চিকিৎসাসেবায় কোনো ঘাটতি বা ঘাটতি নেই। পর্যাপ্ত স্যালাইন ও নার্সের ব্যবস্থা রয়েছে।
তিনি আরো বলেন, ডায়রিয়া আক্রান্ত হলে শরীরের পানিশূন্যতা রোধে পর্যাপ্ত খাবার স্যালাইন ও স্বাভাবিক খাবার গ্রহণ জরুরি। পাতলা পায়খানার সাথে বমি হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতেই হবে। রোগীর চাপ আরো বাড়লে বিকল্প ব্যবস্থার মাধ্যমে চিকিৎসা দেয়া হবে বলে তিনি জানান।