খেলার মাঠ কিশোরদের চরিত্র গঠন ও নৈতিকতার বিকাশে ভূমিকা রাখে : ধর্ম উপদেষ্টা
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, খেলার মাঠ শুধু বিনোদনের জায়গা নয়, এটি কিশোরদের চরিত্র গঠন, শৃঙ্খলা ও নৈতিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান সময়ে কিশোর গ্যাং ও মাদকাসক্তির মতো সামাজিক ব্যাধি থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে খেলাধুলার সুযোগ বাড়ানো ছাড়া বিকল্প নেই। উপদেষ্টা বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন যে দূরদর্শী চিন্তাভাবনা নিয়ে নগরীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ গড়ে তুলছেন, তা শুধু নগর উন্নয়ন নয় বরং একটি সুস্থ, সচেতন ও নৈতিক প্রজন্ম তৈরির কার্যকর উদ্যোগ। এ ধরনের উদ্যোগে সমাজের সব শ্রেণিপেশার মানুষকে সহযোগিতার আহ্বান জানান তিনি।
তিনি গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর চান্দগাঁও ওয়ার্ডের জামেয়া দারুল মা’রিফ আল ইসলামিয়া মাদরাসা মাঠের সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মুনাজাতের আগে এ কথা বলেন।
উদ্বোধক চট্টগ্রাম সিটি মেয়র ডা: শাহাদাত হোসেন বলেন, আওয়ামী লীগের গড়ে তোলা কিশোর গ্যাং আর মাদকের অপসংস্কৃতি নির্মূলে শিশু-কিশোরদের খেলার মাঠে ফেরানোর উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে নগরীর ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলা হচ্ছে বলে জানান তিনি। তিনি বলেন, এই উদ্যোগ কোনো নির্বাচনী প্রতিশ্রুতি ছিল না, বরং দায়িত্ব গ্রহণের পর নগরবাসীর বাস্তব চাহিদা ও বিদ্যমান সামাজিক সংকট বিবেচনায় নিয়েই তিনি এই পরিকল্পনা বাস্তবায়নে হাত দিয়েছেন। তিনি বলেন, সুস্থ দেহে সুন্দর মন, মন ভালো না থাকলে কোনো কাজেই আগ্রহ আসে না। আর মন ভালো রাখতে হলে শরীরকে সুস্থ রাখতে হবে। এই দর্শন থেকেই খেলাধুলাকে আমরা অগ্রাধিকার দিচ্ছি।
মেয়র জানান, ইতোমধ্যে নগরীর ১১টি ওয়ার্ডে খেলার মাঠের কাজ প্রায় সম্পন্ন হয়েছে এবং শিগগিরই এসব মাঠ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। আগ্রাবাদ এলাকার দীর্ঘ দিনের চাহিদা অনুযায়ী জাম্বুরি মাঠ উন্নয়ন প্রকল্প প্রায় শেষ পর্যায়ে রয়েছে। একই সাথে আগ্রাবাদে শিশু পার্ক আবার চালু করা হয়েছে। এ ছাড়া মহসিন কলেজ মাঠে প্রায় সাড়ে চার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে, চট্টগ্রাম কলেজের প্যারেড মাঠ উন্নয়নের উদ্যোগ নেয়া হয়েছে। বাকলিয়া স্টেডিয়াম ব্রিজ-সংলগ্ন এলাকায় আন্তর্জাতিক মানের একটি দৃষ্টিনন্দন স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনায় কাজ চলমান রয়েছে। হালিশহর বিডিআর মাঠে দীর্ঘ দিন পর ঘাস লাগানো হয়েছে, যা এখন একটি মনোরম মাঠে পরিণত হয়েছে। হালিশহর এইচ ব্লক, ফিরোজশাহ মাঠ ও মাদারবাড়ির বালির মাঠসহ নগরীর বিভিন্ন এলাকায় মাঠ সংস্কারের কাজ চলমান রয়েছে।
গতকাল মাদরাসা মাঠের সংস্কারকাজের উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়ার প্রিন্সিপাল শায়খ ফুরকানুল্লাহ খলীল, জামেয়া দারুল মা’আরিফের শিক্ষক মাওলানা নুরুল আমিন, মাওলানা আফীফ ফুরকান মাদানী, মাওলানা মাহমুদ মুজিব প্রমুখ।