চিতলমারীতে সংঘর্ষে নিহত ১ ৪০ বাড়িতে অগ্নিসংযোগ

Printed Edition

বাগেরহাট প্রতিনিধি ও চিতলমারী সংবাদদাতা

বাগেরহাটের চিতলমারীতে মধুমতি নদীর চরের জমি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের জেরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০টি বসতবাড়ি ও দোকান পুড়ে গেছে। নিহত হয়েছেন রাজিব শেখ (২৫) নামের এক ব্যক্তি। এ ছাড়া, আহত হয়েছেন অন্তত আরো ২৫ জন।

গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার চিংগড়ী গ্রামে বিশ্বাস গ্রুপ ও শেখ গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পরে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল শুক্রবারেও জানা যায়, এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক যুবককে কেন্দ্র করে বিকেলে বিরোধের সূত্রপাত হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে উভয় গ্রুপ সংঘর্ষ জড়িয়ে পড়ে । এক পর্যায়ে বিশ্বাস গ্রুপের লোকেরা শেখপাড়ায় ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালায়। এতে বহু পরিবারের বসতবাড়ির শেষ সম্বলও পুড়ে যায়। ক্ষতিগ্রস্তরা জানান, হামলাকারীরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও গৃহস্থালিসামগ্রী লুট করে নিয়ে গেছে এবং বাড়িঘরে আগুন দিয়ে সটকে পড়েছে।

এ ঘটনায় পুলিশ সৌরভ বিশ্বাস (১৯) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। নিহত রাজিব শেখের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: শামীম হোসেন বলেন, ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।