ব্যালটের মাধ্যমেই জবাব দেবে জনগণ : নূরুল ইসলাম বুলবুল

Printed Edition
bangla-2
চাঁপাইনবাবগঞ্জে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন নূরুল ইসলাম বুলবুল : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির পর চাঁপাইনবাবগঞ্জে আর কোনো চাঁদাবাজি চলবে না। তিনি বলেন, কারা চাঁদাবাজিতে ও সন্ত্রাসে জড়িত- তা জনগণ জানে। এবার জবাব জনগণ ব্যালটের মাধ্যমেই দেবে।

গতকাল শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনের হলরুমে ‘চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায় ক্ষেত্রের সমস্যা চিহ্নিতকরণ: করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ শাখা।

নূরুল ইসলাম বুলবুল বলেন, বর্তমানে ব্যবসা-বাণিজ্যের প্রধান দু’টি চ্যালেঞ্জ হলো সন্ত্রাস ও চাঁদাবাজি। এ কারণে দেশী-বিদেশী বিনিয়োগও বাধাগ্রস্ত হচ্ছে এবং অর্থনীতিতে মারাত্মক সঙ্কট তৈরি হচ্ছে। ব্যবসায়ীদের সুরক্ষায় দুর্নীতিমুক্ত, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরো বলেন, স্বাধীনতার ৫৪ বছরে রাজনীতিতে দেশপ্রেমের অভাব দেখা গেছে। ক্ষমতার পালাবদলের সাথে সাথে সন্ত্রাস ও চাঁদাবাজির হাত বদল হলেও সমস্যার অবসান হয়নি। ঠিকাদারি কাজ পেতেও খাম চালাচালির অভিযোগ তুলে তিনি বলেন, আগামীর বাংলাদেশে এই সংস্কৃতি বন্ধ করা হবে। উন্নয়নমূলক কাজে কোনো ঠিকাদারকে চাঁদা দিতে হবে না এবং কোনো ব্যবসায়ীকে চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে না।

সন্ত্রাস ও চাঁদাবাজদের বয়কট করে স্বাধীনভাবে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়ে তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মো: আলাউদ্দীন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মো: তরিকুল আলম মোল্লা। অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।