টাইগ্রেসদের অপেক্ষা বাড়াল পাকিস্তান নারী দল

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিততে পারত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। কিন্তু একের পর এক ক্যাচ মিস এবং বাজে ফিল্ডিংয়ে শেষ পর্যন্ত সে সুযোগ হাতছাড়া হয়। তাতে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ পিছিয়ে থাকা পাকিস্তান জয় তুলে নিয়ে ২-২ এ সমতায় ফিরল।

কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল সিরিজের চতুর্থ ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১২৬ রান করে স্বাগতিকরা। জবাবে ৪ উইকেট হারিয়ে ১১ বল হাতে রেখে জয় পায় সফরকারীরা। আগামীকাল ১২ ডিসেম্বর শুক্রবারের সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে অলিখিত ফাইনালে।