দামেস্কে বন্ধ থাকা মার্কিন রাষ্ট্রদূতের ভবন ফের চালু
Printed Edition
সিরিয়ায় মার্কিন রাষ্ট্রদূত থমাস ব্যারাক গতকাল বৃহস্পতিবার দামেস্কে রাষ্ট্রদূতের বাসভবনের ২০১২ সালে দূতাবাস বন্ধ হওয়ার পর প্রথমবারের মতো মার্কিন পতাকা উত্তোলন করেছেন। দেশটির সাবেক স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার নতুন প্রশাসনের সাথে কয়েক মাস অপেক্ষাকৃত কম যোগাযোগ ছিল যুক্তরাষ্ট্রের।
মধ্যপ্রাচ্যে সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশের সম্পর্কে উন্নতি দেখা গেছে। সফরকালে রিয়াদে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সাথে দেখা করেন ট্রাম্প। পরে সিরিয়ার নতুন নেতার ভূয়সী প্রশংসাও করেন তিনি। মার্কিন রাষ্ট্রদূত ব্যারাককে গত ২৩ মে সিরিয়ার মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয় এবং তিনি দেশটিতে তার প্রথম সরকারি সফরে আছেন। ব্যারাক একই সাথে তুরস্কেও মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।
এর আগে সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে বিক্ষোভ শুরুর প্রায় এক বছর পর ২০১২ সালের ফেব্রুয়ারিতে দামেস্কে নিজেদের দূতাবাস বন্ধ করে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। দূতাবাস বন্ধ হওয়ার আগে তৎকালীন রাষ্ট্রদূত রবার্ট ফোর্ডকে সিরিয়া থেকে প্রত্যাহার করা হয়েছিল। পরবর্তীকালে সিরিয়ায় নিযুক্ত মার্কিন দূতরা বিদেশ থেকে কাজ করতেন এবং দামেস্কে যাননি।