কর্মশালায় ব্রি ডিজি

কৃষিতে ফলন বিপর্যয় রোধে আবহাওয়ার পূর্বাভাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

Printed Edition

গাজীপুর জেলা ও মহানগর প্রতিনিধি

কৃষিতে ফলন বিপর্যয় রোধে আবহাওয়ার পূর্বাভাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জলবায়ূজনিত বিরূপ প্রভাবে প্রতি বছরই আমাদের কৃষিতে নানা রকম ক্ষতিকর প্রভাব পরিলক্ষিত হয়। সম্প্রতি এর মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে। আমাদের আশঙ্কা ভবিষ্যতে এই প্রভাব আরো বাড়বে। যা আমাদের খাদ্যনিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। তাই কৃষির এই ক্ষতি মোকাবেলায় আমাদের অন্যতম সমাধান হতে পারে সঠিক সময় আবহাওয়ার আগাম সতর্কবার্তা। এ ক্ষেত্রে গণমাধ্যম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান গতকাল ‘আবহাওয়ার পূর্বাভাসভিত্তিক কৃষি পরামর্শ প্রচারে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় এ কথা বলেন ট্রেনিং কমপ্লেক্সের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

তিনি বিজ্ঞানী থেকে কৃষক পর্যায়ে এ সংক্রান্ত নানা তথ্য পৌঁছে দিতে গণমাধ্যমের সক্রিয় ভূমিকা আশা করে আরো বলেন, ব্রি এ পর্যন্ত ১২১টি ধানের উন্নত জাত উদ্ভাবন করেছে, যার মধ্যে ৩৬টি প্রতিকূল জলবায়ু সহিষ্ণুজাত। এই ধান আমাদের নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। চোরই পথে অনেক ধরনের বীজ ধান দেশে আসে। এগুলোর বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে । এই বীজ ধানের সাথে ক্ষতিকর রোগজীবাণুু ও ব্যাক্টরিয়া ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। যা আমাদের সামগ্রিক উৎপাদন ব্যবস্থায় সমস্যা সৃষ্টি করতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এগ্রোমেট ল্যাবের ল্যাবরেটরি কো-অর্ডিনেটর ড. এ বি এম জাহিদ হোসেন। সভাপতিত্ব করেন পরিচালক (গবেষণা) ও ল্যাবরেটরি প্রধান ড. মো: রফিকুল ইসলাম। কর্মশালা সঞ্চালনা করেন উর্ধ্বতন যোগাযোগ কর্মকর্তা ড. মোহাম্মদ আব্দুল মোমিন। এ ছাড়া কর্মশালায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের প্রধান ও বৈজ্ঞানিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ড. মো: রফিকুল ইসলাম বলেন, কারখানা বর্জ্যরে কারণে আমাদের মাটির স্বাস্থ্য নষ্ট হচ্ছে। কারখানা মালিকরা খরচ বাঁচাতে ইটিপি বন্ধ করে রাখে। অথচ সঠিক ট্রিটমেন্টের মাধ্যমে কারখানার এই বর্জ্য ভালো মানের সারে হতে পারে। মাটির স্বাস্থ্য রক্ষাও আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে জানানো হয় ব্রি এ পর্যন্ত ১২১টি ধানের জাত উদ্ভাবন করেন। ইতোমধ্যে ব্রি উন্নত ২২টি ধানের জাত বিদেশে চাষাবাদের জন্য অনুমোদন পেয়েছে, যা দেশের গবেষণা সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতি।

কৃষকদের সরাসরি সেবা দিতে ব্রি কলসেন্টার ০৯৬ ৪৪৩ ০০৩০০ চালু করেছে, যেখানে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কৃষকরা আবহাওয়াজনিত, কীটব্যাধি, জাত নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ পাচ্ছেন।

কর্মশালায় গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি এনটিভি ও দৈনিক আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার নাসির আহমেদ, সাবেক সভাপতি ও ইত্তেফাকের প্রতিনিধি মুজিবুর রহমান, সাবেক সভাপতি ও জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান টিটু, কালেরকণ্ঠের শামীম আহমেদ, দিনকালের দেলোয়ার হোসেন, সংগ্রামের স্টাফ রিপোর্টার মো: রেজাউল বারী বাবুল, দেশ রূপান্তরের প্রতিনিধি মো: আমিনুল ইসলাম, প্রথম আলোর মো: মাসুদ রানা, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি হাসমত আলী, নয়া দিগন্তের শেখ মো: আজিজুল হক, ডিবিসি নিউজের সাংবাদিক মাহমুদা শিকদার প্রমুখ বক্তব্য রাখেন।