সাংবাদিকদের সম্মানে রাজশাহী জামায়াতের ইফতার মাহফিল

Printed Edition

রাজশাহী ব্যুরো

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী আয়োজিত এক ইফতার মাহফিলে বক্তারা বলেছেন, নবনির্বাচিত সরকার জুলাই বিপ্লবকে ধারণ না করে ভুল পথে পা বাড়াচ্ছে। সরকারের উদ্দেশে তারা বলেন, আপনারা ভুলে যাবেন না এই দেশে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই জুলাই বিপ্লব হয়েছে। আর যদি জুলাই বিপ্লব না ঘটতো তাহলে আপনাদেরকে এখনো লন্ডনে থাকতে হতো। মঙ্গলবার বিকেলে নগরীর একটি রেস্টুরেন্টে রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে তারা এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি শাহাদাৎ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর আরেক নায়েবে আমির অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহাবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, বিশিষ্ট কথাসাহিত্যিক ও রাজশাহী সংবাদের সম্পাদক ডা: নাজিব ওয়াদুদ, বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন।

এ সময় অন্যদের মধ্যে রাজশাহী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শ ম সাজু, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়াল ও রাজশাহী এডিটরস ফোরামের সেক্রেটারি আহসান হাবিব অপু উপস্থিত ছিলেন।