রোজায় মাংসপেশি ও অস্থিসন্ধির সমস্যা
Printed Edition
রমজান মাস মুসলিমদের জন্য সংযম ও ইবাদতের মাস। তবে ইবাদতের জন্য সুস্থ থাকাটা গুরুত্বপূর্ণ। নামাজের রুকু, সিজদা, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা কিংবা মেঝেতে বসা-ওঠার মতো ভঙ্গিগুলো সঠিকভাবে সম্পাদনের জন্য শরীরের জয়েন্ট, মাংসপেশি ও ভারসাম্য স্বাভাবিক থাকা জরুরি। বয়স বাড়ার সাথে সাথে হাড়-মাংসপেশি ও অস্থিসন্ধিজনিত (জয়েন্ট) সমস্যা বৃদ্ধি পায়। দেশের প্রবীণ জনগোষ্ঠীর একটি বড় অংশ কোমর, হাঁটু ও নিচের পিঠের ব্যথায় ভোগেন। প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর প্রায় এক-তৃতীয়াংশ কোনো না কোনো মাংসপেশি কিংবা জয়েন্ট সমস্যায় আক্রান্ত, যা তাদের দৈনন্দিন কাজকর্মে বিঘœ ঘটায়।
এ ক্ষেত্রে ফিজিওথেরাপি কার্যকর পদ্ধতি। ফিজিওথেরাপি শুধু ব্যথা কমায় না, বরং শরীরের স্বাভাবিক কার্যক্ষমতা ফিরিয়ে আনতে সহায়তা করে। নিয়মিত থেরাপিউটিক এক্সারসাইজ, স্ট্রেচিং, শক্তিবর্ধক ব্যায়াম ও কোর স্ট্যাবিলিটি ট্রেনিংয়ের মাধ্যমে হাঁটাচলা, সিঁড়ি ওঠানামা, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা ও নামাজ আদায়ের সক্ষমতা বৃদ্ধি পায়। পাশাপাশি সঠিক দেহভঙ্গি ও জীবনধারা সম্পর্কে পরামর্শ রোগীর দীর্ঘমেয়াদি উপকারে আসে।
রমজানের সময় দীর্ঘক্ষণ না খেয়ে ও পানি না পান করে থাকার কারণে শরীরে সাময়িক ক্লান্তি বা পানিশূন্যতা দেখা দিতে পারে। যাদের আগে থেকে জয়েন্ট বা মাংসপেশির সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এই চাপ আরো স্পষ্ট হতে পারে। তাই যথেষ্ট পানি পান করতে হবে এবং পুষ্টিকর খাবার, বিশেষ করে ক্যালসিয়াম ও আমিষযুক্ত খাবার গ্রহণ করতে হবে।
যাদের ইউরিক অ্যাসিড বেশি, তাদের ডালের তৈরি পেঁয়াজু, বেসন, ছোলা, চটপটি ইত্যাদি এড়িয়ে যাওয়া উচিত। বিকল্প আমিষ গ্রহণ করতে হবে। ইফতারের পর হালকা ব্যায়াম ও হাঁটাহাঁটি করা ভালো। এতে হাড় ও সন্ধি সচল হয়। প্রয়োজনে ব্যথা ও জড়তা কাটাতে গরম সেঁক নিতে পারেন। ব্যথা বাড়লে চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক গ্রহণ করতে পারেন।
বয়স্ক ব্যক্তি, অতিরিক্ত ওজনের মানুষ বা যারা দীর্ঘদিন ধরে হাঁটু বা কোমরব্যথায় ভুগছেন, তাদের উচিত রমজানের আগে ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেয়া। ইন্টারনেট।