ভাইদের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল প্রতিবেশীর

Printed Edition

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে জান্নাত হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত জান্নাত হোসেন নয়ানগর গ্রামের আব্দুল হকের ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, প্রতিবেশী শাহিন রাঢ়ির দুই ছেলে তারেক ও রিয়াদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। শনিবার সকাল ১০টার দিকে তাদের মধ্যে পুনরায় ঝগড়া শুরু হলে জান্নাত হোসেন পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে যান।

একপর্যায়ে রিয়াদের হাতে থাকা দা দিয়ে ভাই তারেককে লক্ষ্য করে কোপ দিলে তা জান্নাত হোসেনের শরীরে লাগে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে গজারিয়ার হামদর্দ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: মারিয়া মোস্তারি জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই জান্নাত হোসেনের মৃত্যু হয়েছে। গজারিয়া থানার ওসি হাসান আলী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।