প্রশাসক শওকতের উদ্বোধন
টঙ্গীর জলাবদ্ধতা নিরসনে ১৫ ওয়ার্ডে গাসিকের বিশেষ অভিযান শুরু
Printed Edition
গাজীপুর মহানগর প্রতিনিধি
টঙ্গী অঞ্চলের দীর্ঘ দিনের জলাবদ্ধতা, অপরিচ্ছন্ন ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক দুর্ভোগ দূর করতে ১৫টি ওয়ার্ডে একযোগে বিশেষ অভিযান শুরু করেছে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক)। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর ৫৪ নম্বর ওয়ার্ডের আউচপাড়া সুরতরঙ্গ রোড এলাকায় ড্রেন পরিষ্কার কার্যক্রমের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অভিযানের উদ্বোধন করে গাসিক প্রশাসক মো: শওকত হোসেন সরকার বলেন, ‘বছরের পর বছর ময়লা-আবর্জনায় ভরে থাকা ড্রেনগুলো পানি চলাচলের পথ বন্ধ করে দিয়েছে। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, যা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগের ঝুঁকি বাড়াচ্ছে। নাগরিকদের এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে যত সময়ই লাগুক, টঙ্গীর সব ড্রেন পরিষ্কার করে সচল করা হবে।’ তিনি আরো জানান, শুধু ড্রেন পরিষ্কার নয়, টঙ্গীকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপ দিতে পর্যায়ক্রমে প্রয়োজনীয় রাস্তা সংস্কার ও অবকাঠামোগত উন্নয়নও দ্রুত বাস্তবায়ন করা হবে। গাসিক সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় টঙ্গীর আউচপাড়া, খরতৈল, দেওড়া, মুদাফা, সাতাইশ, গাজীপুরা, দত্তপাড়া, আরিচপুরসহ ১৫টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ড্রেন পরিষ্কার, রাস্তা সংস্কার এবং আরসিসি ড্রেন ও সড়ক নির্মাণের কাজ করা হবে। উদ্বোধনের পর গাসিক প্রশাসক বিভিন্ন এলাকায় চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন। এছাড়া তিনি ৫২ নম্বর ওয়ার্ডের মুদাফা এলাকায় সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি পরিদর্শন করে সেখানকার ৩৫টি ভাড়াটিয়া পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে গাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, প্রধান প্রকৌশলী আবদুল বারেক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো: জহিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো: লেহাজ উদ্দিনসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি আসাদুর রহমান কিরণ, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব ভিপি আসাদুজ্জামান নূর, মহানগর বিএনপির সাবেক দফতর সম্পাদক আবদুর রহিম খান কালা, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সফিউদ্দিন সফি এবং সাবেক টঙ্গী থানা ছাত্রদলের সভাপতি মো: আইয়ুব আলীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।