হ্যাটট্রিকে প্রিমিয়ারের ইতিহাসে পালমার

Printed Edition
khela-3
হ্যাটট্রিকে প্রিমিয়ারের ইতিহাসে পালমার

ক্রীড়া ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনের বিপক্ষে গত পরশু চেলসি হয়ে ম্যাচের ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করলে কোল পালমার। ৩৫ মিনিটে আবার পেনাল্টি থেকে জালের দেখা পান ইংলিশ এই মিডফিল্ডার। তিন মিনিট পর হ্যাটট্রিক পূর্ণ করলেন ২৩ বছর বয়সী পালমার। ৫৪ মিনিটে উলভসদের হয়ে একটি গোল শোধ করেন টোলু অ্যারোকোডারে। এরপর আর কোনো দল গোলের দেখা না পেলে ৩-১ ব্যবধানে জয় পায় চেলসি। প্রিমিয়ার লিগে এ নিয়ে টানা তিন মৌসুমে চারটি হ্যাটট্রিক করলেন পালমার। এতে করে লিগের ইতিহাসে প্রথমার্ধেই তিনটি হ্যাটট্রিক করা একমাত্র ফুটবলার হয়ে গেলেন তিনি। আর এই জয়ে ২৫ ম্যাচ শেষে ৪৩ পয়েন্ট নিয়ে পঞ্চমে অবস্থান চেলসির।

এ দিকে প্রিমিয়ার লিগে দুই দশকেরও বেশি সময়ের শিরোপা খরা কাটানোর স্বপ্নে একটু একটু করে এগিয়ে যাচ্ছে আর্সেনাল। স্যান্ডারল্যান্ডকে নিজেদের মাঠে ৩-০ ব্যবধানে হারিয়ে ম্যানচেস্টার সিটির চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল গানাররা। এমিরেটস স্টেডিয়ামে মার্টিন জুবিমেন্দি দলকে এগিয়ে নেয়ার পর জোড়া ভিক্টর গাইকেরেস। এই জয়ে ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট হলো আর্সেনালের। এক ম্যাচ কম খেলে ৪৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। দিনের আরেক ম্যাচে বোর্নমাউথের মাঠে ১-১ গোলে ড্র করে সিটির সমান পয়েন্ট নিয়ে তিনে অবস্থান অ্যাস্টন ভিলার। ২৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে সান্ডারল্যান্ড।

স্প্যানিশ লা লিগায় এ দিন বড় ব্যবধানে জয় পেয়েছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ক্যাম্প ন্যূ’য়ে গত পরশু মায়োর্কাকে উড়িয়ে রিয়াল মাদ্রিদের সাথে ৪ পয়েন্টের ব্যবধান বাড়াল হান্সি ফ্লিকের দল। নিজেদের মাঠে প্রথমার্ধের পারফরম্যান্সে প্রত্যাশিত দাপট দেখাতে না পারলেও রবার্ট লেভানোদোভস্কির গোলে ১-০তে এগিয়ে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে চোখধাঁধানো এক গোল করলেন লামিনে ইয়ামাল। পরে আরেকটি গোলের দেখা পান মার্ক বার্নাল। দারুণ জয়ে ২৩ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শিরোপা ধরে রাখার মিশনে আরো এক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৫৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ।